মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, আমি স্বপ্ন দেখছি বাংলাদেশ আসলেই এশিয়ার পরবর্তী ইকনমিক টাইগারে পরিণত হবে। এ দেশ নতুন নতুন শিল্পে স্বয়ংসম্পূর্ণ হবে। বিশেষ করে তথ্য প্রযুক্তি ও উদ্ভাবনী ক্ষেত্রে বহুদূর এগিয়ে যাবে। একদিন সিলিকন ভ্যালি বা ব্যাঙ্গালুরুর মতো ঢাকাও আইটি ভিলেজে পরিণত হবে। বাংলাদেশে তরুণ অনেক ‘বিল গেটস’ হিসাবে আত্মপ্রকাশ করবেন। শনিবার স্থানীয় একটি হোটেলে তরুণ উদ্যোক্তাদের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড্যান মজীনা একথা বলেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও মার্কিন দূতাবাসের সহায়তায় গ্লোবাল ইনোভেশন থ্রু সায়েন্স এন্ড টেকনোলজী (জিস্ট) স্টার্ট আপ ঢাকা বুট ক্যাম্পের আয়োজন করে। বাংলাদেশের ৩৬৫ জন উদ্যোক্তা দু’দিনের প্রদর্শনীতে অংশ নেয়। গতকাল সমাপনী দিবসে নিজ নিজ প্রতিষ্ঠানের দক্ষতা, আকর্ষণীয় ক্ষমতা ও বাস্তবতা নিরূপণ করে তিনটি প্রতিষ্ঠানকে সেরা নির্বাচিত করা হয়। মেহনাজ চৌধুরীর প্রতিষ্ঠিত অটিস্টিক শিশুদের উন্নয়নের লক্ষ্যে বাকেটস ইঞ্জিনিয়ারিং প্রথম, ওষুধের মান নির্ণয়কারী প্রতিষ্ঠান প্যানাসিয়া দ্বিতীয় ও বৈদ্যুতিক লোডশেডিং সময় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সিটি স্কোপ তৃতীয় পুরস্কার লাভ করে।
রাষ্ট্রদূত মজীনা আরো বলেন, বাংলাদেশের বিশাল শক্তির উত্স হচ্ছে উদ্যম, গতিশীলতা, সৃষ্টিশীলতা, উদ্যোগী মানসিকতা, জনগণের সহনশীলতা। আমি এমন একটা বাংলাদেশকে দেখি যা পৃথিবীর সফটওয়্যার ডেভেলপমেন্টের রাজধানী হবে। যেটি অসাধারণ ও ব্যতিক্রমী মেধা দ্বারা পরিচালিত হবে।
অনুষ্ঠানে ও পরে সাংবাদিক সম্মেলনে স্টার্ট আপ ঢাকার অন্যতম প্রতিষ্ঠাতা ফায়েজ তাহের, প্রধান নির্বাহী মুস্তাফিজুর খান প্রমুখ বক্তব্য রাখেন।
