দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেছেন, রাজনৈতিক সদিচ্ছার অভাবে সমাজ থেকে দুর্নীর্তি নির্মূল করা যাচ্ছে না। দুর্নীতির মূল উত্পাটনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
শনিবার সাভারে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত সততা সংঘের সমাবেশ ও দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৪ উপলক্ষে আয়োজিত দুর্নীতি বিরোধী রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)-এর সভাপতি আলহাজ্ব শওকত আলী মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সালাহ্উদ্দিন খান নঈমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুদকের মহাপরিচালক (গবেষণা ও প্রতিরোধ) ড. মো.শামসুল আরেফিন ও কমিশনের ঢাকা বিভাগের পরিচালক মেজর এমরানুল হক শাহ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মোল্যা, মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ শাহরিয়ার মেনজিস, প্রতিরোধ কমিটির সহ-সভাপতি রহিম উদ্দিন, সাবেক সভাপতি অধ্যক্ষ মো. কামরুল হুদা প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে দুদকের চেয়ারম্যান উপস্থিত সকলকে দুর্নীতি বিরোধী শপথ বাক্যপাঠ করান হয়। চেয়ারম্যান তার প্রধান অতিথির বক্তব্যের আগে রচনা প্রতিযোগিতায় বিজয়ী ১৫ জনের মধ্যে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করেন।
দুদক চেয়ারম্যান তার বক্তেব্যে বলেন, দুর্নীতি হঠাত্ করেই আসেনি। প্রাচীন কাল থেকে দুর্নীতি চলে এসেছে। তবে বর্তমানে দুর্নীতি প্রকট আকার ধারণ করেছে। বিশ্বের বিভিন্ন উন্নতদেশও দুর্নীতিগ্রস্ত ছিল। কিন্তু তারা নিজেদের চেষ্টায় ও রাজনৈতিক সদিচ্ছার কারণে অনেকাংশে দুর্নীতি নির্মূল করতে পেরেছে। কিন্তু আমরা সেটি এখনও করতে পারিনি। এর কারণ হিসেবে তিনি বলেন, বাংলাদেশে রাজনৈতিক সদিচ্ছার দারুণ অভাব রয়েছে। আমাদের দেশে মহান সংসদে অনেক কিছুই আলাপ আলোচনা হয়, কিন্তু সেখানে দুর্নীতির ওপর কোন আলোচনা ও তর্ক-বিতর্ক হয় না। রাজনৈতিক সদিচ্ছার অভাবে বড় রাজনৈতিক দলের নেতারা দুর্নীতি প্রতিরোধের বিষয়ে ঐকমত্যেও পৌঁছতে পারেন না। ফলে দুর্নীতি প্রতিরোধ করাও সম্ভব হচ্ছে না।
সাভার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি দুর্নীতি বিরোধী কার্যক্রমে শ্রেষ্ঠ হয়েছে উল্লেখ করে আগামী ২৮ মে এ উপজেলাকে পুরস্কৃত করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
