রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড় পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো তার সেরা ফর্মে আছেন বলে মন্তব্য করেছেন জার্মান অধিনায়ক ফিলিপ লাম। ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপে ২৯ বছর বয়সী রোনালদো তার দলের জন্য কতটা ভয়ংকর হতে পারেন সে বিষয়ে সচেতন জার্মান অধিনায়ক। তবে পর্তুগীজ স্ট্রাইকারকে থামানোর ক্ষমতা তার দলের রয়েছে বলেও মত দেন লাম।
রোনালদো গত মাসে চ্যাম্পিয়ন্স লিগের খেলায় জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে দুই লেগ মিলিয়ে ৫-০ গোলে হারাতে রিয়াল মাদ্রিদের পক্ষে বড় ভূমিকা রেখেছিলেন। বায়ার্নের মাঠ আলিয়াঞ্জ অ্যারিনায় ৪-০ ব্যবধানের জয়টিতে রিয়ালের হয়ে দুই গোল করেছিল রোনালদো।
জার্মান অধিনায়ক লাম ও রোনালদো বিশ্বকাপের গ্রুপ পর্যায়ে আবারো মুখোমুখি হচ্ছেন এবং জার্মান অধিনায়ক জানেন তার বিরুদ্ধে কি করতে হবে। টাইমস অব ইন্ডিয়াকে লাম বলেন, ‘আমাদের মত পর্তুগালও ইউরোর সেমিফাইনালে উঠেছে। রোনালদো নিজের সেরা খেলা খেলছেন এবং তার দলও বেশ ভারসাম্যপূর্ণ। তারা অনেক দূর যেতে পারে। তবে আমাদের দলটিও বেশ ভাল; তাই আমরাও আশাবাদী।’
লামের বিশ্বাস এই গ্রীষ্মেও জার্মানি বিশ্বকাপ জিততে পারবে না সেটা বলতে কোন বাধা নেই। গত প্রায় এক দশক যাবত্ জার্মানি কোন বড় শিরোপা জয় করতে পারেনি। তিনি বলেন, ‘বিশ্বকাপে জার্মানির ভাল খেলার ইতিহাস বেশ সমৃদ্ধ। অন্য যে কোন দেশের চেয়ে আমরা বেশিবার শেষ চারে পৌঁছেছি।’
তিনি আরো বলেন, ‘সব সময়ই আমরা জুন মাসে ভাল খেলি। বিশ্বকাপ জয়ের সক্ষমতা আমাদের ফুটবলারদের আছে এবং শিরোপা জয়ের জন্য আমরা সব কিছু করব।’—বাসস
