মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়। ২০১১ সালে এসএসসিতে মেধা তালিকায় নবম হয় স্কুলটি। ২০১২ সালে সেরাদের তালিকায় সপ্তম স্থানে। ২০১৩ সালে মেধা তালিকায় নবম। আর এ বছর একধাপ এগিয়ে মেধা তালিকায় অষ্টম স্থান অর্জন করেছে ঢাকা বোর্ডের এই শিক্ষা প্রতিষ্ঠানটি।
২০১৪ সালে স্কুলটি থেকে ৩৯০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এদের ৩৯০ জনই পাস করেছে। পাসের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছে ৩৫৮ জন। বিজ্ঞান বিভাগ থেকে ৩১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৩০৩ জন জিপিএ-৫ পেয়েছে। আর বাণিজ্য বিভাগ থেকে ৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৫ জন।
স্কুলটির সহকারী প্রধান শিক্ষক মো: শাহাদাত্ হোসেন বলেন, নিয়মিত পাঠদান ও তদারকি, শিক্ষার্থীদের অক্লান্ত প্রচেষ্টা, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তাদের সন্তানদের পড়াশোনার বিষয়ে অবহিতকরণের কারণেই আমাদের ফল ভালো হয়। আগামীতে আরো ভালো করবে এই স্কুল-এমনটাই প্রত্যাশা আমাদের।
জানা যায়, অভিভাবকরা বেশ সচেতন। সন্তানদের পড়াশোনার খোঁজখবর নেন। আছে প্রশংসনীয় নেতৃত্ব ও নিবিড় যত্নসহকারে পড়ানোর সুবিধা। আর ছাত্ররা নিয়মিত পড়াশোনা করেছে। এসবই ভালো ফলাফলে সহায়ক হয়েছে।
১৯৫৭ সালের ১৪ জুন হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্কুলটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। রাজধানীর আউটার সার্কুলার রোডের পাশে ৭.৫ একর জায়গা জুড়ে স্কুলটির অবস্থান। স্বাধীনতার আগে নাম ছিল সেন্ট্রাল গভর্নমেন্ট বয়েজ হাইস্কুল। পরে নাম হয় সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল। দেশ স্বাধীন হওয়ার পর স্কুলটির নাম হয় মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়। ১৯৯৫ সালে প্রতিষ্ঠানটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পুরস্কৃত হয়। শ্রেষ্ঠ শিক্ষক হন তত্কালীন প্রধান শিক্ষক রশিদ উদ্দিন জাহিদ।
