আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশকে থাইল্যান্ডের মত পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র চলছে। বিএনপি-জামায়াত জোট দেশবিরোধী এ চক্রান্তে লিপ্ত। অবশ্য তাদের রাজনীতি সব সময়ই ষড়যন্ত্রের। এদের ব্যাপারে সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে দেশরত্ন পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। হাছান মাহমুদ বলেন, স্বাধীনতা বিরোধীদের নিয়ে খালেদা জিয়া আন্দোলনের নামে মানুষ হত্যা করেছেন।
আয়োজক সংগঠনের সভাপতি চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন শিক্ষক নেতা শাহ আলম সাজু, আওয়ামী লীগ নেতা জিএম আতিক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।
