তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব মো. নজরুল ইসলাম খান বলেছেন, তরুণদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সরকার দেশে এক লাখ ফ্রিল্যান্সার তৈরি করবে। ‘লার্নিং এন্ড আর্নিং’ প্রকল্পের আওতায় এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শনিবার কম্পিউটার কাউন্সিলে এলআইসিটি প্রকল্পের ওরিয়েন্টেশন সভায় তিনি এসব কথা বলেন।
সভায় বলা হয়, এলআইসিটি প্রকল্পের ফাস্ট ট্রাক ফিউচার লিডার কর্মসূচির প্রথম ব্যাচে চূড়ান্তভাবে নির্বাচিত ১৬০ জনের মধ্যে আইটিএস ট্রাকে ৫২, আইটিএএস ট্রাকে ২৫ এবং ম্যানেজমেন্ট ট্রাকে ৬৩ জন রয়েছেন। আইটি শিল্প ও প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী এদের তিন মাসের সফট স্কিলস ও ফাউন্ডেশনাল ট্রেনিং দেয়া হচ্ছে। ট্রেনিং শেষে সংশ্লিষ্ট আইটি প্রতিষ্ঠান তাদের চাকরিতে নিয়োগ দেবে।
বিসিসির নির্বাহী পরিচালক এসএম আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলআইসিটি প্রকল্পের ভারপ্রাপ্ত পরিচালক সরকার আবুল কালাম আজাদ, আইটিএস টিম লিডার ফখরুজ জামান প্রমুখ।
