ঢাকায় আজ দুই আবাহনীর লড়াই

আপডেট : ২৫ মে ২০১৪, ২২:০৯
ফুটবল লড়াই বলতে যতটুকু বুঝায় তা হয় তো হবে না। তারপরও দুই আবাহনীর মধ্যে ভালো খেলার আশা করছেন সমর্থকরা।কারণ আবাহনীকে পয়েন্ট নিয়ে উপরে উঠতে হবে। আর রেলিগেশন ঠেকানোর লড়াইয়ে থাকা চট্টগ্রাম আবাহনী মরণ কামড় বসাতে প্রস্তুত। ৩৩ পয়েন্ট নিয়ে আবাহনী এখন দ্বিতীয় স্থানে। আর চট্টগ্রাম আবাহনী ৯ পয়েন্ট নিয়ে সবার নিচে পড়ে রয়েছে। এমন অবস্থার উন্নতি ঘটাতে বড় দল হোক আর ছোট দলই হোক চট্টগ্রাম আবাহনীর সামনে ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই। বাস্তবে মাঠের লড়াইয়ে কতটুকু সম্ভব তা পরে বুঝা যাবে। আবাহনী শেষ দুটি ম্যাচে শেখ জামাল ও শেখ রাসেলের বিরুদ্ধে গোল শূন্য ড্র করে ৪ পয়েন্ট হারিয়েছে। আর চট্টগ্রাম আবাহনীর প্রেরণা হচ্ছে তাদের বিরুদ্ধে মোহামেডান জিতে ছিল কোনো রকম ১-০ গোলে। আর বিজেএমসির বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছিল চাটগাঁর দল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আবাহনী ও চট্টগ্রাম আবাহনীর ম্যাচটা শুরু হবে সন্ধ্যা ৬টায়।