ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে রাজধানীসহ সারাদেশে পবিত্র শবে মেরাজ পালিত হয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীর বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসলমানরা রাত জেগে কোরআন তেলাওয়াত, জিকির ও মহান আল্লাহর কাছে ক্ষমা এবং মাগফিরাত কামনা করেন। ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদত-বন্দেগির মধ্যদিয়ে এই ফযিলতপূর্ণ রাত অতিবাহিত করেন। এ রাতে অনেকে নফল রোজাও রাখেন। ৬২০ খ্রিস্টাব্দের রজব মাসের ২৬ তারিখের দিবাগত পবিত্র এ রজনীতে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম মহান আল্লাহর খাস রহমতে প্রথমে কাবা শরীফ থেকে জেরুসালেমে অবস্থিত বায়তুল মুকাদ্দাস বা মসজিদুল আকসায় গমন করেন। সেখানে নবীদের জামায়াতে ইমামতি করে তিনি ঊর্ধ্বলোকে গমন করেন এবং সিদরাতুল মুনতাহায় উপস্থিত হন। ওই পর্যন্ত তার সফরসঙ্গী ছিলেন ফেরেশতা হযরত জিবরাঈল (আ)। তারপর সেখান থেকে তিনি একটি বিশেষ বাহনে ৭০ হাজার নূরের পর্দা পেরিয়ে আরশে আজিমে আল্লাহর দিদার লাভে ধন্য হন। সেখান থেকে তিনি পাঁচ ওয়াক্ত নামাজ উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার নিয়ে পৃথিবীতে ফিরে আসেন। মিরাজকালে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম সৃষ্টি জগতের সব কিছুর রহস্য স্বচক্ষে দেখেন। পবিত্র শবে মেরাজ মুসলমানদের কাছে তাই বিশেষ মর্যাদার প্রতীক।
