ডায়াবেটিস রোগীদের পেটের চর্বিতে জটিলতা

আপডেট : ২৬ মে ২০১৪, ২২:০৪
ডায়াবেটিস সারা জীবনের রোগ। একবার যাদের ডায়াবেটিস হয়েছে তাদের এ রোগটি বহন করে চলতে হবে। তবে নিয়ম-শৃংখলা মেনে চললে এবং যথাযথ পদক্ষেপ নিলে ডায়াবেটিস নিয়েও দীর্ঘদিন সুস্থভাবে জীবন যাপন করা যায়। বাংলাদেশের কত লোক ডায়াবেটিসে আক্রান্ত তার কোন যথাযথ পরিসংখ্যান হয়ত পাওয়া যাবে না। এ সংখ্যা ২৫ থেকে ৫০ লক্ষ পর্যন্ত হতে পারে। তবে আমেরিকান ডায়াবেটিস এসোসিয়েশনের তথ্য মতে, অন্তত: ২৫ দশমিক ৮ মিলিয়ন আমেরিকান ডায়াবেটিসে আক্রান্ত। প্রতি তিনজন এডাল্ট আমেরিকানের মধ্যে একজনের ব্লাড সুগার বেশি। বিশেষজ্ঞদের অভিমত হচ্ছে, ডায়াবেটিস যথাযথভাবে নিয়ন্ত্রণে না রাখা গেলে হূদরোগ, কিডনির সমস্যা, স্ট্রোক, দৃষ্টি শক্তির সমস্যা, শারীরিক সমস্যা ও নার্ভের সমস্যা হতে পারে। তবে বিশেষজ্ঞগণ এটাও বলছেন, টাইপ-২ ডায়াবেটিস প্রতিরোধ যোগ্য। শুধু মাত্র লাইফ স্টাইল পরিবর্তন এবং খাদ্য নিয়ন্ত্রণের মাধ্যমেই টাইপ-২ ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করা যায়। তবে ইদানিং বিভিন্ন গবেষণায় বিশেষজ্ঞগণ দেখেছেন বেলি ফ্যাট ডায়াবেটিসের জটিলতার অন্যতম কারণ এবং যাদের ডায়াবেটিসের সঙ্গে বেলি ফ্যাট বা পেটে চর্বি জমেছে তাদের ক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্স ডায়াবেটিস হবার সম্ভাবনা অনেক বেশি। তাই ডায়াবেটিস আক্রান্তদের পেটের চর্বি কমানোর জন্য অবশ্যই নিয়মিত ব্যায়াম করতে হবে এবং পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী যথাযথ ডায়েট চার্ট অনুসরণ করতে হবে। আর যদি নিয়মিত এক্সারসাইজ ও খাদ্য তালিকা অনুসরণ করা যায় তাহলে ডায়াবেটিসের জটিলতার ঝুঁকি হ্রাস করা সম্ভব। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ