প্রবাসীকল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, অভিবাসন ব্যয় শূন্যে নামিয়ে আনার জোর চেষ্টা চালানো হচ্ছে। ইতিমধ্যে জাতিসংঘের মহাসচিব বান কি মুন অভিবাসন ব্যয় কমানোর আহ্বান জানিয়েছেন। সোমবার প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মন্ত্রী এ কথা জানান।
সম্প্রতি সুইডেনের স্টকহোমে গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (জিএফএমডি) সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী। ঐ সম্মেলনে অংশগ্রহণসহ শ্রমবাজারের সার্বিক দিক তুলে ধরতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেন, জতিসংঘ মহাসচিব বান কি মুন কর্মী অভিবাসন ব্যয় কমানোর জন্য বলেছেন। এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে অভিবাসন ব্যয় কমাতে বাংলাদেশের প্রচেষ্টা সার্থক হয়েছে।
