ঢাকায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার নানা আয়োজনে উদযাপিত হয়েছে।
সকাল ১১টায় ডিআরইউ প্রাঙ্গণে সংগঠনের সভাপতি শাহেদ চৌধুরী জাতীয় পতাকা ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের অনুষ্ঠানমালার শুরু হয়। এরপর ডিআরইউ বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক আশরাফুল ইসলাম ও সদস্য সচিব মুরসালিন নোমানী।
ডিআরইউ সভাপতি শাহেদ চৌধুরী বলেন, সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনীর হত্যায় জড়িতদের বিচার না পাওয়া পর্যন্ত ডিআরইউ আন্দোলন চালিয়ে যাবে।
সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, ডিআরইউ ঢাকা শহরে কর্মরত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নসহ তাদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
অনুষ্ঠান কর্মসূচিতে ডিআরইউ সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দীন, ডিআরইউ সহ-সভাপতি রফিকুল ইসলাম আজাদসহ সংগঠনের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
