বিভিন্ন প্রকল্পে অনিয়ম দুর্নীতির মাধ্যমে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ ১০ প্রকৌশলীর বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের নিয়মিত বৈঠকে এ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়। একই সাথে কমিশন থেকে অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে দুদকের উপ-পরিচালক মো. ফরিদ আহমেদ পাটওয়ারী এবং তদারকি কর্মকর্তা হিসেবে দুদকের পরিচালক মো. আবু তোরাবকে নিয়োগ দেয়া হয়েছে।
দুদক সূত্র জানায়, অভিযোগে বলা হয়েছে প্রধান প্রকৌশলী মো. নুরুজ্জামানসহ দশজন প্রকৌশলী কেন্দ্রীয় ল্যাবরেটরির জন্য কেমিক্যাল ক্রয়ের দুর্নীতির মাধ্যমে দুই কোটি টাকা লোপাট এবং জেওবি ইউনিসেফ প্রকল্পের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা আত্মসাত্সহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেন।
