সাড়ে তিন মাসের ক্রিকেট উত্সবটা শেষ হয়েছে প্রায় দেড় মাস হল। ঘরোয়া ক্রিকেট চললেও জাতীয় দলের ক্রিকেটাররা খুব কমই একসাথে হয়েছেন। সেই অর্থে ছোট আকারে হলেও মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটারদের একরকম মিলন মেলাই হয়ে গেল।
মুশফিক, সাকিব, নাসিররা ছিলেন না। কিন্তু যারা ছিলেন তাদের মধ্যে মিলন মেলা ছাপিয়েও ছিল এক রকম প্রতিজ্ঞা। সেই প্রতিজ্ঞা হল নিজেকে নতুন করে প্রমাণের, আবারও পারফরম্যান্সের ধারায় ফেরা, আগের ভুলগুলো মুছে ফেলা। তামিম ইকবালের ভাষায়, ‘আমাদের কাজটা এখন শুধু চিন্তা করা, আমরা কি করছি, আমরা কি ঠিক করতেছি, কি ভুল করতেছি।’
নতুন করে তাই শুরু করতে হবে বাংলাদেশকে। আর ভারতের বিপক্ষে বাংলাদেশে দেখা যাবে নতুন এক কোচিং সেট-আপকে। আগামী ১০ জুন দলের সাথে যোগ দেবেন নতুন নিযুক্ত কোচ হাতুরুসিংহে। ভারত সিরিজের আগে বোলিং কোচ হিথ স্ট্রিকের আসাটাও নিশ্চিত। তবে, এর আগে কাজটা চালিয়ে নিতে হবে সহকারী কোচ সারোয়ার ইমরানকে। আর এই মুহূর্তে আত্মবিশ্বাস ফিরে পাওয়াকেই মূল লক্ষ্য হিসেবে দেখছেন তিনি, ‘কয়েক মাস আগেও আমাদের দলটা যে কোন দলকেই হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী থাকত। শেষ দু’টা সিরিজে আমরা দেখলাম যে ওখান থেকে একটু সরে এসেছি। আমাদের কাজটা হবে আত্মবিশ্বাস তৈরি করা। টিমকে মোটিভেট করা। যাতে হারানো আত্মবিশ্বাসটা ফেরত আসে আমরা ভারতকেও হারাতে পারি। এবং এটা করতে পারলেই আমার মনে হয় আমাদের অনেক কাজ হয়ে যাবে।’
সেই আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লড়াইটা বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তির হচ্ছে। কারণ তিন ম্যাচের ওয়ানডে খেলতে যে ভারতীয় দল আগামী ১৩ জুন বাংলাদেশে আসবে তাতে থাকছেন না নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি। এই প্রসঙ্গে সারোয়ার ইমরান বলেন, ‘ভারতে এখন খেলোয়াড়দের অভাব নেই। অনেক ভাল ভাল খেলোয়াড় আছে। ধোনি বিশ্ব ক্রিকেটে একটি নাম; সঙ্গে কোহলিও। তারপরও আমি বলবো যে ভারত দলে যারাই আসুক সবাই শক্তিশালী। তাদের খাটো করে দেখার কিছু নেই।’
স্বস্তির কোন কারণ দেখছেন না তামিমও, ‘ওদের মতো খেলোয়াড় যদি না খেলে অবশ্যই এটা যে কোনো দলের জন্য সুবিধা। একই আমাদের জন্য। আমাদের জন্যও সুযোগ। ওরা বিশ্বমানের খেলোয়াড়। তার মানে এটা না যে, আমরা রিলাক্সড হয়ে যাবো। ওদের আরও ১১টা খেলোয়াড় আছে, ওরাও খুব ভালো। আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। যে কোনো দলকে হারানোর জন্য।’
ভারতকে নিয়ে মোটামুটি পরিকল্পনাটা জানিয়ে দিলেন সারোয়ার ইমরান, ‘ভারতের সঙ্গে খেলা, শক্তিশালী দল। সেই হিসেবে বলব কঠিন কাজটা। আমাদের ফোকাস থাকবে কয়েকটা জিনিসের উপর। আমরা যদি দল হিসাবে খেলতে পারি, টিম স্পিরিট তৈরি হয় তাহলে আমার মনে হয় আমরা ভাল খেলতে পারব।’
