ইতিহাসে চোখ মুলারের

আপডেট : ২৬ মে ২০১৪, ২২:১৫
দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ শেষে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট যখন টমাস মুলারের হাতে উঠলো তখন অবাক হওয়া লোকের সংখ্যা কম ছিল না। জার্মানি তো বটেই ক্লাব বায়ার্ন মিউনিখের হয়েই নিয়মিত মাঠে নামতে শুরু করেছিলেন মাত্র ২০০৯-১০ মৌসুমেই। সেখান থেকে হঠাত্ করেই বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া আর প্রথম সুযোগটাকেই কাজে লাগানো। তবে গত কয়েক বছরে ক্লাব এবং জাতীয় দলের অপরিহার্য অংশ হয়ে যাওয়া মুলার এবার যদি আবারো গোল্ডেন বুট পেয়ে যান তাহলে নিশ্চয়ই আগের মতো অবাক হবে না কেউ। আর ব্রাজিল বিশ্বকাপে ব্যক্তিগত লক্ষ্য হিসাবে ২৪ বছর বয়সী এই তারকা ঠিক করেছেন সেটাই। বিশ্বকাপ ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসাবে টানা দুই বার এই পুরস্কার জেতার লক্ষ্যের কথা জানিয়ে মুলার বলেন, ‘গোল্ডেন বুট এবং বিশ্বকাপ, আমি লক্ষ্য হিসাবে একই সাথে দুটি বিষয় ঠিক করেছি। কারো-কারো কাছে এটা বাস্তবতা বিবর্জিত একটা স্বপ্ন বলেও মনে হতে পারে। কারণ, এটা এর আগে আর কেউ করতে পারেনি যদিও অসাধারণ সব স্ট্রাইকার এই টুর্নামেন্টে খেলে গেছেন। আমি এটা করার জন্য নিজের সর্বস্ব ঢেলে দিতে প্রস্তুত এবং আমার বিশ্বাস এই গোলগুলোর মাধ্যমে আমি দলকে সাহায্য করতে পারবো।’ গত বিশ্বকাপে দিয়েগো ফোরলান, ডেভিড ভিয়া এবং ওয়েসলি স্নাইডারের সমান পাঁচ গোল করেও তিনটি গোলে সাহায্য করার সুবাদে গোল্ডেন বুট জেতেন মুলার। ওয়েবসাইট।