ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন সারথী মানা হচ্ছে তাকে। অর্ধ শতাব্দীরও বেশি সময় বাদে নিজেদের দেশে বিশ্বকাপে ব্রাজিলবাসী প্রস্তুত নেইমারের পায়ের জাদুতে নাচতে। অথচ বিশ্বকাপের মাত্র দিন বিশেক বাকি থাকতে নেইমার জানিয়েছেন, বার্সেলোনায় নিজের প্রথম মৌসুম শেষে পায়ের চোটে ভুগছেন তিনি! তবে ভক্তদের আতঙ্কে চিত্কার দেয়ার আগেই বলে দিলেন, সেই চোট বিশ্বকাপে অংশ নেবার পথে মোটেই বাধা হয়ে দাঁড়াবে না।
বার্সেলোনাকে কোন সাফল্য এনে দিতে না পারলেও বেশ কয়েকটি ম্যাচেই দারুণ কিছু গোলে ক্লাব সমর্থকদের মন জয় করে নেয়া এই তারকা বলেছেন, ‘এটা (পা) এখনো কিছুটা ফুলে আছে। যেরকমটা থাকার কথা ছিল পায়ের অবস্থা তেমন নয়। তবে সব মিলে সেটা বড় কোন চিন্তার ব্যাপার না। শারীরিকভাবে আমি শতভাগ ফিট আছি।’
এদিকে ইউরোপিয়ান ক্লাব পর্যায়ে প্রথম মৌসুমটা শিরোপাহীনভাবেই কাটাতে হয়েছে ব্রাজিলের কনফেডারেশন কাপ জেতানো এই তারকাকে। পাঁচ কোটি ইউরোরও বেশি অর্থের বিনিময়ে সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেয়া এই তারকা সেটা নিয়ে অবশ্য খুব বেশি চিন্তিত নন বলেই জানালেন, ‘এটা ছিল শেখার বছর। তবে বছরটা আমি যেমনটা ভেবেছিলাম তেমন হয়নি। আমি চেয়েছিলাম শিরোপা জিততে আরো অনেক গোল করতে। তবে দেখতেই পাচ্ছেন সেরকমটা ঘটেনি বার্সেলোনায়। তবে আপনারা নিশ্চয়ই বলবেন না একেবারেই ব্যর্থ একটা বছর ছিল এটা।’ সাম্বা ফুট।
