জুনিয়র টিটি শুরু আজ

আপডেট : ২৬ মে ২০১৪, ২২:১৭
বছর দুই আগে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছিল জাতীয় জুনিয়র টেবিল টেনিস। মাঝে আর এই খেলাটি হয়নি। দ্বিতীয় আসর আজ ঢাকায় শুরু হচ্ছে। পল্টন ময়দান সংলগ্ন উডেন ফ্লোর জিমনেসিয়ামে বিকাল সাড়ে ৪টায় শুরু হবে ৫ দিনের এই খেলা। অনূর্ধ্ব-১৮ বছর বালক বালিকাদের নিয়ে লড়াইয়ে ১১০ জন বালক এবং ৫০ জন বালিকা অংশগ্রহণ করবেন। ৯ লাখ টাকার বাজেটে এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে সাউথ বাংলা ব্যাংক এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিডেট। টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে সাউথ বাংলা ব্যাংক জাতীয় জুনিয়র টেবিল টেনিস প্রতিযোগিতা। জুনিয়র টিটি উপলক্ষে গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য তুলে ধরেন ফেডারেশন সভাপতি আব্দুল করিম। তিনি প্রসঙ্গক্রমে বলেন, আমরা টিটির প্রসারের জন্য এই খেলাটিকে বিকেএসপিতে অন্তর্ভুক্ত করেছি। আন্তর্জাতিক টিটি সংস্থার সাথে কথা বলে ক্রীড়া সামগ্রী আনার উদ্যোগ নিয়েছি এবং বেশ কিছু পৌঁছে গেছে। তিনি বলেন, জাপানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড টিটিতে আমরা ম্যাচ জিতেছি। ৪টি দেশকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছিল বাংলাদেশের খেলোয়াড়রা।’ জাপানে খেলতে গিয়ে মেয়েদের দলগত খেলায় একটি ম্যাচ মাঠে যাওয়ার আগেই শেষ হয়ে গেছে। এ প্রসঙ্গে টিটি ফেডারেশনের সাধারণ সম্পাদক জোবেরা রহমান লীনু এই রিপোর্টারকে জানিয়েছেন টাইমিং নিয়ে ভুল বুঝাবুঝি হওয়ায় খেলাটা মিস হয়েছে। খেলা মিস হলেও আমাদের কোনো ক্ষতি হয়নি।’