চলতি মৌসুমে কোন শিরোপা জয় করতে না পারলেও বার্সেলোনার নতুন কোচ লুইস এনরিকের দলে ঠিকই জায়গা করে নিয়েছেন জেরার্ড পিকে। গতকাল সোমবার কাতালানরা তার সঙ্গে চুক্তির মেয়াদ আরো চার বছর বৃদ্ধি করেছেন। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, নতুন চুক্তি অনুসারে ২০১৮-১৯ মৌসুমের শেষ পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তি করেছেন ২৭ বছর বয়সী এ সেন্টার ব্যাক। তবে কি পরিমাণ অর্থের বিনিময়ে নতুন এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। ক্লাবের সঙ্গে তার আগের চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৫ সালের ৩০ জুন। আসন্ন বিশ্বকাপে স্পেন দলের গুরুত্বপূর্ণ সদস্য পিকে বার্সেলোনার দেয়া এ বিবৃতিতে বলেন, ‘মনে হচ্ছে আমার পুরো ক্যারিয়ারটাই আমি এখানে শেষ করব। যা সত্যিই আমার জন্য গুরুত্বপূর্ণ। বিগত বছরগুেলোর মত আগামী দিনগুলোতেও অনেক সফলতা পাব বলে আশা করছি।’
