মিরপুরে ডিস ব্যবসা নিয়ে বিরোধে দুইজন গুলিবিদ্ধ

আপডেট : ২৭ মে ২০১৪, ২২:২১
ডিস ব্যবসাকে কেন্দ্র করে রাজধানীর মিরপুরে মঙ্গলবার দুপুরে প্রতিপক্ষের গুলিতে দুইজন আহত হয়েছেন। এরা হলেন- আওয়ামী লীগ কর্মী হযরত আলী ভুট্টো ও প্রাইভেটকার চালক মাইনুদ্দিন মিয়া (৪০)। এ ছাড়া গণপিটুনির পর ছুরিকাঘাতে কামরুল হোসেন নামে একজন আহত হন। পুলিশ ঐ তিনজনকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। ভুট্টোর গলায় আর ডানপাশের কাঁধে এবং মাইনুদ্দিনের পেটে গুলি লেগেছে। ঘটনাস্থল থেকে পুলিশ দুইটি বিদেশি পিস্তল ও ২৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এঘটনায় চারজনকে গ্রেফতার করেছে। আহত মাইনুদ্দিনের ছোট ভাই রইস উদ্দিন জানান, দুপুর আড়াইটার দিকে মিরপুর বৈশাখী ভবনের সামনে একটি চা দোকানে বসে ভুট্টো চা খাচ্ছিলেন। সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন মাইনুদ্দিন। এসময় দোকানের সামনে একটি মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত দুই যুবক ভুট্টোকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করতে থাকে। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় ভুট্টো ও মাইনুদ্দিনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিত্সাধীন ভুট্টো জানিয়েছেন, স্থানীয় ডিস ব্যবসায়ী মাহবুবের সাথে তার দ্বন্দ্ব ছিলো। মাহবুবের লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা তাকে গুলি করেছে। মিরপুর থানার এসআই ইমানুর রহমান জানিয়েছেন, এলাকার ডিস ব্যবসা নিয়ে মাহবুব ও পল্লব গ্রুপের মধ্যে বিরোধ ছিলো। গুলিবিদ্ধ ভুট্টো পল্লব গ্রুপের। মাহবুব গ্রুপের লোকজন তাকে গুলি করেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে দুইটি পিস্তল ও ২৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এঘটনায় স্থানীয়রা কামরুল ইসলাম নামে একজনকে গণপিটুনি দেয়। ঐ সময় তিনি ছুরিকাঘাতের শিকার হন। তিনি মাহবুব গ্রুপের লোক বলে জানা গেছে। পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ঘটনাস্থল থেকে বিদেশি দুটি পিস্তল ও ২৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।