খালি পেটে ফল খাওয়া কি উচিত

আপডেট : ২৭ মে ২০১৪, ২২:২১
ফল খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত হিতকর। ফলে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় ভিটামিন, খনিজ লবণ ও এন্টি-অক্সিডেন্ট রয়েছে। আর এই ফল খাওয়া নিয়ে রয়েছে নানা ধরনের ছোট খাটো কুসংস্কার। বেশিরভাগ লোক মনে করেন, খালি পেটে ফল খাওয়া উচিত নয়। আবার অনেকে মনে করেন আহারের সঙ্গে সঙ্গে ফল খাওয়া উচিত নয়। আসলে চিকিত্সা বিজ্ঞানীদের মতে, আহারের আগে বা পরে ফল খাওয়ার সঙ্গে কোন বিরূপ অবস্থা তৈরি হয় না। অনেকের ধারণা, খালি পেটে ফল খেলে পাকস্থলীতে গিয়ে ফলের মেটাবলিজম বা বিপাকীয় প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন হয় না। কিন্তু বাস্তবে এটা সঠিক নয়। কাঁচা ফল বা পাকা ফল যে কোন ধরনের ফলই খাওয়া হোক না কেন পাকস্থলীতে ফল কণা প্রবেশের সঙ্গে সঙ্গে পাকস্থলী থেকে নিঃসৃত বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ফলের ক্ষতিকর উপাদান এমনকি জীবাণু পর্যন্ত ধ্বংস করে দেয় এবং যথাযথ মেটাবলিজম শুরু হয়। তাই খালি পেটে ফল খেলে কোন ধরনের ক্ষতির সম্ভাবনা নেই। তবে যাদের এসিডিটি আছে তাদের খালি পেটে সাইট্রাস জাতীয় বা লেবু জাতীয় ফল খালি পেটে না খাওয়াই ভালো। এছাড়া আহারের পর ভরা পেটে ফল খেলেও কোন ক্ষতি নেই। আহারের আগে বা পরে অথবা খালি পেটে ফল খাওয়া সম্পূর্ণ নিরাপদ। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ