ক্লারেন্স সিডর্ফকে কোচের দায়িত্ব থেকে বরখাস্ত করার প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে এসি মিলান। তার স্থানে যুবদলের কোচ ফিলিপো ইনজাগিকে নিয়োগ দেয়া হতে পারে। ইতালির গণমাধ্যমগুলো জানিয়েছে তেমনটাই।
আড়াই বছরের চুক্তির মেয়াদের আর মাত্র চার মাস সময় বাকি ছিল সিডর্ফের। সিরি আ, লীগে তার অধীনে মিলানের উন্নতিও হয়েছিল। এবারের লীগে ৩৮টি ম্যাচে ১৬টি জয়, ৯টি ড্র ও ১৩টিতে পরাজিত হয়ে ৫৭ পয়েন্ট সংগ্রহ করে তালিকায় অষ্টম স্থানে থেকে মৌসুম শেষ করেছে মিলান। গণমাধ্যম সূত্রে জানা গেছে সিডর্ফের বিষয়টি নিয়ে আলোচনার জন্য মিলানের প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত আরকো শহরে ক্লাব সভাপতি সিলভিও বারলুসকোনি এবং প্রধান নির্বাহী আদ্রিয়ানো গালিয়ানি আলোচনা করেছেন। ইতালির তিনটি জনপ্রিয় ক্রীড়া দৈনিক গ্যাজেটা ডেলো স্পোর্ট, কোরিয়ার ডেলো স্পোর্ট এবং টুটো স্পোর্ট একই ধরনের খবর প্রকাশ করেছে। যদিও এখানে কোন সূত্র উল্লেখ করা হয়নি।
এছাড়া চ্যাম্পিয়নস লীগে এ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে শেষ ১৬’র লড়াইয়ে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে পিছিয়ে থেকে বিদায় নেয়। মিলানে খেলোয়াড় হিসেবে ৩৮ বছর বয়সী সিডর্ফ দশ বছর কাটিয়েছেন। গত জানুয়ারিতে মাসিমিলিয়ানো আলেগ্রির স্থানে তাকে কোচের দায়িত্ব দেয়া হয়।
সিডর্ফের মত ইনজাগিরও পেশাদার সিনিয়র দলের কোচিংয়ের কোন পূর্ব অভিজ্ঞতা নেই। ৪০ বছর বয়সী ইনজাগি মিলানে ১১ বছর খেলেছেন এবং দুটি সিরি আ, দুটি চ্যাম্পিয়নস লীগের শিরোপা জেতার কৃতিত্ব অর্জন করেছেন। এছাড়া ইতালির জাতীয় দলের হয়ে তিনি ৫৭টি ম্যাচে মাঠে নেমেছেন। গত দুই মৌসুম ধরে তিনি মিলানের অনূর্ধ্ব-১৯ দলের কোচের দায়িত্ব পালন করছেন।
