যুক্তরাষ্ট্র ও ফ্রান্স বিশ্বকাপ পূর্ব প্রস্তুতি ম্যাচে অনায়াসে জিতলেও এশিয়ার তিন প্রতিনিধির অন্যতম দক্ষিণ কোরিয়া তিউনিশিয়ার কাছে হেরে গেছে। ফ্রান্স ৪-০ গোলে নরওয়েকে হারালেও ১৯৯৮ বিশ্বকাপের চ্যাম্পিয়নদের কোচ দিদিয়ের দেশ্যাম বলেছেন, তার দল বিশ্বকাপের চূড়ান্ত পর্বের জন্য প্রস্তুত নয়।
প্যারিসের স্ট্যাড ডি ফ্রান্সে ফরাসিদের বিশ্বকাপগামী দলটি অবশ্য পুরো শক্তির ছিল না। কারণ ফ্রাংক রিবেরি বিশ্রামে আছেন এবং করিম বেনজেমা চ্যাম্পিয়ন্স লিগ খেলার কারণে এখনো অনুশীলনে যোগ দেননি। তারপরও পাওয়া এ জয়ের পর দেশ্যাম বলেন,‘এটা ছিল চমত্কার। স্টেডিয়াম ছিল ভরপুর। সারা সপ্তাহজুড়ে আমরা অনেক ভালভাবে প্রস্তুতি নিয়েছিলাম।’
ফ্রান্স বিশ্বকাপের ‘ই’ গ্রুপে হন্ডুরাস, ইকুয়েডোর ও সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। ফ্রান্স কোচ বলেন,‘আমরা এখনো প্রস্তুত হয়ে উঠিনি। তবে সম্মিলিত একটা আকাঙ্ক্ষা আছে। এখন আমরা শতভাগ তৈরি নই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ম্যাচের দিন উজাড় করে দেয়া। প্রস্তুতির জন্য আমাদের এখনো দুই সপ্তাহ আছে। ভুলে গেলে চলবে না, আমাদের লক্ষ্য হলো ১৫ জুন (বিপক্ষ হন্ডুরাস)।’
এদিকে সিউলের বিশ্বকাপ স্টেডিয়ামে স্বাগতিক দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে দেয় তিউনিশিয়া। হারটি কোরীয়দের জন্য সতর্ক সংকেত হিসেবেই দেখা দিল। এছাড়াও ১৩ মিনিটের সময় ডিফেন্ডার হং জেওং-হো বিপক্ষের খেলোয়াড়ের সাথে সংঘর্ষে গোড়ালিতে ব্যথা পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হলে সেটিও দলটিকে ভয়ার্ত করে তোলে। ২৪ বছর বয়সী খেলোয়াড়টি ব্যথার কারণে লন্ডন অলিম্পিকেও খেলতে পারেননি। তবে কর্মকর্তারা জানিয়েছেন, তার গোড়ালি থেতলে গেলেও বিশ্বকাপ থেকে বাদ পড়ার শংকা নেই।
এ খেলায় কোরিয়ার রক্ষণভাগের দুর্বলতা ফুটে উঠে। যদিও জাতীয় দলকে সমর্থন জোগাতে ৫৭,১১২ জন সমর্থক মাঠে হাজির ছিল। হারের পর দক্ষিণ কোরীয় কোচ হং মিউং-বো বলেন,‘আমরা চেষ্টা করেছিলাম। কিন্তু ফল প্রত্যাশিত হয়নি। আমরা সমর্থকদের কাছে দুঃখিত। তবে আমি নিশ্চিত, এ খেলাটি ভাল শিক্ষা বয়ে আনবে।’
গতকাল অনুষ্ঠিত বিশ্বকাপ পূর্ব আরেকটি প্রস্তুতি ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্র ২-০ গোলে আজারবাইজানকে পরাজিত করে। খেলাটি ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত হয়।—সুপারস্পোর্টস
