ক’দিন আগেই বলেছিলেন, যাচ্ছেতাই একটা ক্লাব মৌসুমের পর বিশ্বকাপ খেলতে পারাটা তার জন্য এক ধরনের স্বস্তির ব্যাপার। কিন্তু সেই সুযোগটা আর পাওয়া হচ্ছে না জার্মান ক্লাব হ্যামবুর্গের ডাচ মিডফিল্ডার রাফায়েল ফন ডার ভার্টের। কাফ ইনজুরির কারণে বিশ্বকাপে দেখা যাবে না ৩১ বছর বয়সী সাবেক এই রিয়াল মাদ্রিদ ও টটেনহ্যাম হটস্পার। নেদারল্যান্ড জাতীয় ফুটবল দলের হয়ে ১০৯ ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন এই খেলোয়াড় ৩০ সদস্যের প্রাথমিক দলে ছিলেন। আর কোচ লুইস ফন গাল আভাস দিয়েছিলেন ২৩ জনের দলেও জায়গা পাবেন তিনি। কিন্তু সব স্বপ্নভঙ্গ করে দিল ইনজুরি। নেদারল্যান্ড ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে গতকাল বুধবার সকালে বলা হয়, ‘রাফায়েল ফন ডার ভার্ট বিশ্বকাপ খেলতে পারবেন না। ডান পায়ের কাফ মাসলে ব্যথার কারণে বিশ্বকাপ দলে তাকে সুযোগ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোচ লুইস ফন গাল’।
