বিপর্যয়ের সামনে ‘এ’ দল

আপডেট : ২৮ মে ২০১৪, ২২:২৪
প্রথম দিনশেষে যে ইমরুল কায়েসরা হাসি মুখ নিয়ে প্যাভিলিয়নে ফিরেছিলেন, গতকাল তারাই বড় পরাজয়ের শঙ্কা মেনেই তৃতীয় দিন সকালে মাঠে নামলেন। আসলে মাঝের এই একটা দিনে ভয়াবহ ব্যাটিং ধস ক্যারিবীয় সফরের প্রথম ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। গতকাল ৩২২ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন সকালে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স সেন্টার। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ২৯২ রানের জবাবে বাংলাদেশ ‘এ’ দলের শুরুটা ভালোই ছিল। বিনা উইকেটে তারা ৬৬ রান তুলে ফেলেছিল। সেখান থেকেই পরের ৭৪ রানের মধ্যেই অলআউট হয়ে যায় নাসির হোসেনের দল। শেষ দিকে মুক্তার আলী ৩১ রান করে প্রতিরোধ না করলে হয়তো আরও বড় কেলেঙ্কারি হত। জবাবে আগের দিনই ২ উইকেটে ১৭০ রান তুলে ফেলেছে ক্যারিবীয়রা। গতকাল এই রিপোর্ট লেখা পর্যন্ত তৃতীয় দিন সকালে তারা ৪ উইকেটে ২৪৬ রান তুলে ফেলেছে। মানে এখন পর্যন্ত বাংলাদেশের সামনে জয়ের জন্য ৩৯৮ রান দাঁড় করিয়ে ফেলেছে তারা।