দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু বলেছেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) উদ্দেশ্যমূলকভাবে দুদকের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। বিদেশ থেকে টাকা এনে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে তথাকথিত গবেষণা প্রতিবেদন প্রকাশ করে এ অপপ্রচার চালাচ্ছে।
টিআইবির গবেষণা নিয়েও প্রশ্ন রয়েছে। তাদের এসব কাজের স্বচ্ছতা কী? সময় এলে টিআইবির মুখোশ উন্মোচন করবে দুদক। বুধবার শিল্পকলা একাডেমিতে শ্রেষ্ঠ মহানগর-জেলা-উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অ্যাওয়ার্ড-২০১৩ প্রদান অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেন, দুদকের একার পক্ষে দুর্নীতি প্রতিরোধ সম্ভব নয়। এক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
দুদক সচিব মো. ফয়জুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক শাইখ সিরাজ, কমিশনার (অনুসন্ধান) ড. নাসির উদ্দিন আহমেদ।
