নজরুল সঙ্গীত সংস্থার অনুষ্ঠানমালা আজ শুরু

আপডেট : ২৯ মে ২০১৪, ২২:১৮
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ নজরুলসঙ্গীত সংস্থা দুদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। আজ শুক্র ও আগামীকাল শনিবার জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে প্রতিদিন এ অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। দুইদিনের এ অনুষ্ঠানে দেশের প্রবীণ এবং নবীন প্রতিশ্রুতিশীল নজরুলসঙ্গীত শিল্পীদের পরিবেশনা থাকবে। এই অনুষ্ঠানে সহযোগী হয়েছে মোবাইল অপারেটর প্রতিষ্ঠান গ্রামীণ ফোন। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব কথা জানানো হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বিশিষ্ট নজরুলসঙ্গীত শিল্পী খালিদ হোসেন, সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল, সহ সভাপতি ইয়াকুব আলী খান, কোষাধ্যক্ষ জোসেফ কমল রড্রিক্স, নির্বাহী সদস্য কল্পনা আনাম, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান। এদিকে ২৯ মে বাহাত্তরে পদার্পণ করার পাশাপাশি নাট্যাঙ্গনে পঞ্চান্ন বছর পূর্ণ করেছেন নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হক। গুণী এই নাট্যব্যক্তিত্বের ৭২ বছর ও নাট্যাঙ্গনে ৫৫ বছর পূর্তি উপলক্ষে বুধবার শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে তিনদিনব্যাপী অনুষ্ঠানমালা। নাগরিক নাট্যাঙ্গনের আয়োজনে বুধবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রদীপ প্রজ্জ্বলন করে তিনদিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। উদ্বোধনী সন্ধ্যায় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের নবনির্বাচিত কেন্দ্রীয় পরিষদকে সম্মাননা জানানো হয়। সবশেষে মঞ্চস্থ হয় ড. ইনামুল হক রচিত ও লাকী ইনাম নির্দেশিত নাটক ‘সেইসব দিনগুলো’। আজ শুক্রবার শেষ হবে তিনদিনব্যাপী এই আয়োজন। শিল্পকলায় যাত্রা উত্সব শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক বিভাগের উদ্যোগে যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা ২০১২ বাস্তবায়ন ও যাত্রাদল নিবন্ধনের লক্ষ্যে একাডেমির স্টুডিও থিয়েটার হলে শুরু হয়েছে ৫ম যাত্রা উত্সব ২০১৪। বুধবার দুপুরে নদী যাত্রা ইউনিটের পরিবেশনায় যাত্রাপালা ‘বেদকন্যা’ পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় দুই দিনের এ যাত্রা উত্সব। এরপর বিকালে মঞ্চস্থ হয় রূপসী বাংলা যাত্রা ইউনিটের যাত্রাপালা ‘লাইলী মজনু’। পরে বলাকা শিল্পী গোষ্ঠী’র যাত্রাপালা ‘কমলার বনবাস’, ফাল্গুনী যাত্রা ইউনিটের ‘মায়ের চোখে জল’ এবং রাশেদা অপেরার যাত্রা ‘সাগর ভাসা’ মঞ্চস্থ হয়। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ধারাবাহিকভাবে মঞ্চস্থ হবে যাত্রাপালা। চ্যানেল আই মেলা ‘মায়ের কথা’ চ্যানেল আই চত্বরে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়ে গেলো মায়ের কথা নামে এক ভিন্নধর্মী মেলা। নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে বুধবার সব শ্রেণীর মায়েদের সচেতন করে তুলতে যৌথভাবে এ মেলার আয়োজন করে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিট ও চ্যানেল আই। মেলায় অংশ নেয় দেশি বিদেশি বেশ কয়েকটি সেবামূলক প্রতিষ্ঠান। মেলায় সূর্য কিশোর কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। মেলায় এস ও এস শিশুপল্ল¬ীর প্রতিষ্ঠাতা হারমেন মেইনারকে বিশেষ সম্মাননা জানানো হয়। তার হাতে সম্মাননা পদক তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী। মেলায় স্বর্ণ কিশোরীদের সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি এবং বইপাঠ উদ্বুদ্ধকরণ প্রসঙ্গে কথা বলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। মঞ্চে মাকে নিয়ে গান গেয়েছেন সামিনা চৌধুরী, মনির খান, শুভ্রদেব, এস আই টুটুল, সেরাকণ্ঠের মনির, আশিক ও মেহেদী। মেলায় ছিলো প্রজনন স্বাস্থ্য সেবার তথ্য দিয়ে স্বর্ণ কিশোরীদের পরিবেশনা, রূপান্তরের পটের গান, সুপার হিরোদের পরিবেশনা, পুঁথিপাঠ ও কবিতা থেকে আবৃত্তি-আবৃত্তি করেন শিমুল মুস্তফা। সকালে মায়ের কথা মেলায় আগত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও চ্যানেল আইয়ের পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুন।