যুক্তরাষ্ট্রে জিএসপি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে

আপডেট : ২৯ মে ২০১৪, ২২:১৯
মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক সুবিধা (জিএসপি) ফিরে পাওয়ার সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এ মুহূর্তে কোনো দেশকেই জিএসপি সুবিধা দিচ্ছে না। আবার জিএসপি দেয়া শুরু হলে, তারা আমাদের বিষয়ে বিবেচনা করবে। বৃহস্পতিবার রাজধানীর পাবলিক লাইব্রেরি শওকত ওসমান মিলনায়তনে রঞ্জন সেন রচিত ‘মার্কিন জিএসপি অর্থনীতি না রাজনীতি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যদের মাঝে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মির্জা আজিজুল ইসলাম, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ূন কবীর, এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সভাপতি আবদুস সালাম মুর্শেদী, পলিসি রিসার্স ইনস্টিটিউশনের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর, ইন্ডাস্ট্রি অলের সভাপতি রায় রমেশ চন্দ্র বক্তৃতা করেন।