ব্রাজিল বিশ্বকাপে নিজেদের মোটেই ফেবারিট ভাবছেন না ইতালি অধিনায়ক জিয়ানলুইজি বুফন। বরং শিরোপার দৌড়ে স্বাগতিক ব্রাজিলই এগিয়ে আছে বলে বিশ্বাস ইতালির ২০০৬ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য এই তারকার। বর্তমান বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক বলে স্বীকৃত এই জুভেন্তাস তারকার মতে, বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ শিরোপার মালিক দেশটির কোয়ার্টার ফাইনালে পৌঁছানোই তবে তাদের জন্য ভাল ফল।
বিখ্যাত স্পোর্টস দৈনিক গ্যাজেত্তো দেলো স্পোর্তোকে দেয়া এক সাক্ষাত্কারে দলের শক্তিমত্তা-দুর্বলতা নিয়ে কথা বলার পাশাপাশি বুফন বলেছেন তাদের সাফল্য সম্ভাবনা নিয়েও। এই জুভেন্তাস কিংবদন্তি বলেন, ‘যদি কোয়ার্টার ফাইনাল কিংবা তার উপরে যাওয়া যায় তাহলে ধরে নিতে আমরা ভালো করেছি। ইতিবাচক একটা সফর হবে সেটা। তবে স্বাভাবিকভাবে বলা যায়, আপনি আসলে কোন ফলেই সন্তুষ্ট হবেন না। তবে এই মুহূর্তে আমার মনে হয় যে আমি এই কথা বলার অবস্থায় আছি যে, আমরা নিশ্চিতভাবেই ফাইনাল খেলছি। তবে, আমাদের জাতীয় দল তার বিশ্বাসযোগ্যতা প্রমাণ করেছে এবং যে ম্যাচগুলো সাধারণ দৃষ্টিতে জেতার কথা, সেগুলো আমরা জিতেছি।’
তবে দলের শক্তিমত্তা এমন পর্যায়ে নেই যে তারা বলে কয়ে ব্রাজিল-স্পেনের মোকাবেলা করতে পারবে। বুফন বলেন, বিশ্বকাপ ফেবারিট হিসেবে ব্রাজিল, স্পেন, জার্মানি এবং আর্জেন্টিনার চেয়ে ইতালি অনেক পিছিয়ে, ‘আমরা পরিপক্ক একটা দল। আমাদের নিশ্চয়তা আছে, তবে কখনো কখনো কিছু সীমাবদ্ধতাও রয়েছে। প্রতিপক্ষ দলগুলোর স্বীকৃতিও অবশ্যই একজনকে দিতে হবে। ব্রাজিল, স্পেন, জার্মানি এবং আর্জেন্টিনার চেয়ে আমরা এক ধাপ নিচে। আমরা আমাদের সেরা খেলাটা খেলতে চাই এবং কোন ধরনের অহমিকা নেই।’
সিজার প্রানদেলি¬র শিষ্যরা ২০১২ ইউরো চ্যাম্পিয়নশীপের ফাইনালে উঠলেও দুই বছর আগে কিয়েভে ফাইনালে স্পেনের কাছে ৪-০ গোলে হেরে যায়। এবারও তেমন কিছুর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ৩৬ বছর বয়সী এই গোলরক্ষক, ‘আমার এমনটা বলার কারণ হলো কোয়ার্টার ফাইনালে স্পেনের দেখা হতে পারে এবং এখানে তাদের কাছে পরাজিত হলে লজ্জার কিছু থাকবে না।’
তাই সবকিছু বাদ দিয়ে ‘ডি’ গ্রুপ থেকে নক আউট পর্বে উত্তরণ নিয়েই চিন্তিত বুফন। তিনি বলেন, ‘এই মুহূর্তে ইতালি কেবল ভাবতে পারে কিভাবে তারা গ্রুপ পর্বে ইংল্যান্ড এবং উরুগুয়ের বাধা টপকাতে পারে।’
চারবারের চ্যাম্পিয়ন ইতালির সঙ্গে গ্রুপের অপর তিন দল উরুগুয়ে, ইংল্যান্ড ও কোস্টারিকা। বাসস/ গোল ডট কম।
