আমরা জুয়াড়ি নই : কেশি

আপডেট : ২৯ মে ২০১৪, ২৩:০১
বুধবার স্কটল্যান্ড-নাইজেরিয়া প্রীতি ফুটবল ম্যাচটি পাতানো হতে পারে ধারণা করে আগেই চোখ রাখা হচ্ছিল। এই খবরে খেপে গিয়ে নাইজেরিয় কোচ স্টেফেন কেশি বলেছেন, ‘আমরা জুয়াড়ি নই, ফুটবলার।’ ১৯৯৪ বিশ্ব কাপে নাইজেরিয়া দলের অধিনায়কত্ব করা কেশি বলেন, ‘বিশ্বকাপ খেলতে আসা খেলোয়াড়রা কেউ জুয়াড়ি নয়, সবাই ফুটবলার।’ তবে গত বছর আফ্রিকা কাপ অব নেশনস বিজয়ী নাইজেরিয়া দলের কোচের দায়িত্ব পালন করা কেশি বলেন, ম্যাচ শুরু হওয়ার আগে পুরনো ইস্যুর কারণে তার দলের ওপর কোন প্রভাব পড়েনি। কেশি বলেন, ‘আমরা হাস্যকর এ বিষয়টি নিয়ে কথা বলেছি, জানি না এটা কোথা থেকে এসেছে। একজন কোচ কিংবা খেলোয়াড় হিসেবে আমি এই প্রথমবার ম্যাচ ফিক্সিং সম্পর্কে শুনলাম। আমাদের দলের সঙ্গে এটার কোন সম্পর্ক আছে কিনা আমি জানি না।’