ক্রিকেটতীর্থ লর্ডসের দু’শত বছর উপলক্ষে আয়োজিত ম্যাচে খেলবেন ওয়েস্ট ইন্ডিজ গ্রেট ব্রায়ান লারা। লর্ডস কর্তৃপক্ষ মেরিলবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) বনাম বিশ্ব একাদশের মধ্যে আগামী ৫ জুলাই অনুষ্ঠেয় তারকা সমৃদ্ধ এ ম্যাচে লারার অংশগ্রহণ বুধবার নিশ্চিত করেছে। আরেক কিংবদন্তী ভারতের শচিন টেন্ডুলকারের নেতৃত্বাধীন এমসিসি দলের হয়ে খেলবেন লারা। বিশ্ব একাদশের নেতৃত্ব দেবেন অস্ট্রেলিয়ান কিংবদন্তী শেন ওয়ার্ন। এক বিবৃতিতে লারা বলেন, ‘যে কোন ক্রিকেটারের হূদয়েই লর্ডস একটা বিশেষ কিছু এবং এমসিসির হয়ে এটির দু’শত বার্ষিকী উদযাপনে সহায়তা করার জন্য আমি মুখিয়ে আছি।’ শেন ওয়ার্নের দলে খেলবেন বাংলাদেশি তারকা তামিম ইকবাল। তবে যাদের নাম ঘোষণা করা হয়েছে, তারা সবাই খেলতে পারবেন কি না, তা নির্ভর করছে আন্তর্জাতিক সূচির ওপর।
