দিনশেষে স্বস্তিতে যুব দল

আপডেট : ২৯ মে ২০১৪, ২৩:০২
বড়রা ওয়েস্ট ইন্ডিজ সফরে চার দিনের ম্যাচ তিন দিনে হারলেও ভারতের মধ্য প্রদেশের বিপক্ষে বাংলাদেশ যুব দল শুরুটা অন্তত খারাপ করেনি। গতকাল প্রথম দিন শেষে ৬ উইকেটে ২৪৫ রান করেছে ভারতের মধ্য প্রদেশ অনূর্ধ্ব-১৯ দল। শেষ সেশনে চার উইকেট তুলে নিয়ে বাংলাদেশের তরুণরা ম্যাচে ফিরে এসেছে। গতকাল ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ঘণ্টায় কোনো উইকেট হারায়নি অতিথিরা। দ্বিতীয় ঘণ্টার শুরুতেই দলকে সাফল্য এনে দেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফুদ্দিন। ৪ রানের ব্যবধানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে বিদায় করেন এই দুজনে। ৪২ রানে ২ উইকেট হারানো অতিথিদের চা-বিরতিতে ২ উইকেটে ১৮৭ রানে পৌঁছে দিয়েছিলেন সিদ্ধার্থ পাতিদার ও অর্জুন প্যাটেল। বিরতি থেকে ফিরেই উইকেট হারায় অতিথিরা। সিদ্ধার্থকে বিদায় করে ১৪৬ রানের জুটি ভাঙার কৃতিত্ব সালেহ আহমেদের। ৯২ রান করা সিদ্ধার্থের ১৩৫ বলের ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছক্কা। এরপর বেশিক্ষণ টিকেননি অর্জুনও। সালেহর দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে ৫৯ রান করেন তিনি। দিনের শেষ তিন ওভারে আরো দুটি উইকেট তুলে নিয়ে অতিথিদের অস্বস্তিতে ফেলেছে স্বাগতিকরা। সালমান খানকে রান আউট করেন মেহেদী হাসান মিরাজ। শেষ ওভারে নিতিশ লাসকারিকে বিদায় করেন মেহেদী হাসান রানা। বাংলাদেশের পক্ষে সালেহ আহমেদ ২ উইকেট নেন ৫৩ রানে। স্পেশাল অলিম্পিকস্ সাউথ এশিয়া ইউনিফায়েড ক্রিকেট স্পেশাল অলিম্পিকস সাউথ এশিয়া ইউনিফায়েড ক্রিকেট প্রতিযোগিতা ২০১৪ আজ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় ভারত, শ্রীলংকা ও বাংলাদেশ স্পেশাল অলিম্পিকস ইউনিফায়েড ক্রিকেট দল অংশগ্রহণ করবে। আজ সকাল ১০টায় বাংলাদেশ আর্মী স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী আরিফ খান জয়।