ধানমন্ডি মাঠে স্থাপনা নির্মাণ বন্ধের দাবি

আপডেট : ৩০ মে ২০১৪, ২১:৪২
অবিলম্বে পরিবেশ আন্দোলনের নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও ধানমণ্ডি মাঠে অবৈধ স্থাপনা নির্মাণ কাজ বন্ধ না করলে ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাপাসহ বেশ কয়েকটি পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ধানমণ্ডি মাঠ রক্ষা আন্দোলনের ব্যানারে বাংলাদেশ পরিবেশ আন্দোলন, গ্রীনভয়েসসহ বেশ কয়েকটি পরিবেশবাদী সংগঠনের নেতারা মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। এসময় তারা দাবি করেন, হাইকোর্টের নির্দেশ থাকার পরও একটি কুচক্রিমহল মাঠটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত না করে পাল্টা পরিবেশবাদীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে। মানববন্ধনে বক্তারা বলেন, এ মাঠ নিয়ে চক্রান্ত থেমে নেই। বরং আরও বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন মহল বঙ্গবন্ধুর পরিবারকে উল্লেখ এবং সরকারকে হেয়প্রতিপন্ন করে মাঠের চারপাশে নানা ধরনের আপত্তিকর স্লোগান সম্বলিত ব্যানার ও পোস্টার টানিয়েছে। মাঠ দখল প্রসঙ্গে বক্তারা আরও বলেন, স্থানীয় মানুষের প্রতিরোধের ম?ুখে ঢাকা সিটি করপোরেশন গত ২৪ এপ্রিল ধানমন্ডি মাঠ সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে। এর মধ্য দিয়ে প্রমাণিত হয়, মাঠটির দখলদার ক্লাবের আরোপিত প্রবেশাধিকার খর্বকারী নোটিসটি মিথ্যা ও অবৈধ ছিল। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যুগ্ম-সম্পাদক জাকির হোসেন, বাপা’র সাবেক সাধারণ সম্পাদক মইদুল হক খান, গ্রিন ভয়েসের সমন্বয়ক আলমগীর কবির ও সিডাসের পরিচালক হাসান ইউসুফ খান প্রম?ুখ।