গণমাধ্যমে বাংলার বিকৃত উচ্চারণরোধে কমিটি

আপডেট : ৩০ মে ২০১৪, ২১:৪৪
গণমাধ্যমে বাংলা ভাষার বিকৃত উচ্চারণ ও অন্য ভাষার মিশ্রণ রোধে একটি কমিটি গঠন করেছে তথ্য মন্ত্রণালয়। সর্বত্র বাংলা ভাষার ব্যবহারে উচ্চ আদালতের নির্দেশনার পর বৃহস্পতিবার সচিবালয়ে গণমাধ্যমের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তথ্য সচিব মরতুজা আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান। তবে কার নেতৃত্বে বা কত সদস্যের এই কমিটি করা হয়েছে সে বিষয়ে তিনি কিছু বলেননি। তথ্য সচিব বলেন, বাংলা ভাষার দূষণ ও বিকৃত উচ্চারণরোধে গণমাধ্যমগুলো নিজ নিজ ক্ষেত্র থেকে পদক্ষেপ নেবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, সকল দেশের ভাষা সমৃদ্ধ হয়েছে অন্য দেশের ভাষায়। তবে অহেতুক অপ্রয়োজনে বাংলা ভাষার সাথে অন্য ভাষার মিশ্রণ করা যাবে না। বাংলা ভাষার ব্যবহার, বিকৃত উচ্চারণ রোধ ও ইংরেজি বিজ্ঞাপন প্রচাররোধে প্রতিটি গণমাধ্যমে একজনকে দায়িত্ব দেয়া হবে বলেও জানান তথ্য সচিব। তিনি বলেন, বাংলাদেশে কম্পিউটার কাউন্সিলে ৪ জুন থেকে শুরু হচ্ছে ডিজিটাল মেলা ২০১৪। এ মেলা চলবে ৭ জুন পর্যন্ত।