স্পেন কোচ ভিসেন্তে ডেল বস্ক তাদের ব্রাজিলীয় বংশোদ্ভূত তারকা ফুটবলার দিয়েগো কস্তার বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আশাবাদী হয়ে উঠেছেন। গত বৃহস্পতিবার স্পেন দলের দুই ইনজুরিগ্রস্ত খেলোয়াড় কস্তা ও জেসাস নাভাসের বিশ্বকাপের জন্য সময়মতো ফিট হয়ে ওঠার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ডেল বস্ক বলিভিয়ার বিরুদ্ধে গতকাল শুক্রবারের প্রস্তুতি ম্যাচটির প্রাক্কালে বলেন, ‘সম্ভাবনা ভালই মনে হচ্ছে। শুক্রবার এই জুটি ডাক্তারি পরীক্ষা করাবে। দিয়েগোর রেডিওলোজি পরীক্ষা হবে। জেসাসের অবস্থা তো ভালই মনে হচ্ছে।’ আজ শনিবার চূড়ান্ত দল ঘোষণার আগে স্পেন কোচ বলেন, ‘আমরা তাদের অবস্থা মূল্যায়ন করে দেখবো এবং শনিবার সকালে সিদ্ধান্ত নেব।’ ডেল বস্ক এর আগে জানিয়েছিলেন, তিনি খেলোয়াড়টির জন্য যতটা সম্ভব অপেক্ষা করবেন।
অ্যাটলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার কস্তা কুঁচকির পেশিতে আঘাত পাওয়ার কারণে বর্তমানে সেরে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ব্যথার কারণে খেলোয়াড়টি রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মাঠে নামলেও নয় মিনিটের বেশি টিকতে পারেননি।
স্প্যানিশ খেলোয়াড়দের ডাক্তারি পরীক্ষা হয় যে ক্লিনিকে সেখানকার ডাক্তাররা গত সোমবার জানিয়েছিলেন কমপক্ষে দুই সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হবে।
এদিকে ম্যানচেস্টার সিটির উইঙ্গার নাভাস মধ্য এপ্রিল থেকে গোড়ালির ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন।
স্পেন বিশ্বকাপের ‘বি’ গ্রুপে চিলি, নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে। তাদের প্রথম খেলা ১৩ জুন ডাচদের বিরুদ্ধে। ২০১০ সালের ফাইনালে এই নেদারল্যান্ডসকে হারিয়েই শিরোপা জিতেছিল স্প্যানিশরা।-বাসস/এএফপি
