জার্মানির উন্নতিতে সন্তুষ্ট লো

আপডেট : ৩০ মে ২০১৪, ২২:১২
আসন্ন বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে জার্মান ফুটবল দল ভালভাবেই উন্নতি করছেন বলে আস্থা প্রকাশ করেছেন দলটির কোচ জোয়াচিম লো। দক্ষিণ আমেরিকা সফরের প্রস্তুতির জন্য বর্তমানে প্রশিক্ষণের জন্য অস্ট্রিয়ায় থাকা জাতীয় দলটি যেভাবে দলবদ্ধভাবে উন্নতি করছে তাতে সন্তুষ্টি প্রকাশ করেন লো। বিশ্বকাপে অংশ নিতে ব্রাজিল সফরের আগে নিজেদের মাটিতে দু’টি প্রদর্শনী ম্যাচ খেলবে জার্মানী। প্রতিপক্ষ ক্যামেরুন ও আর্মেনিয়া। ব্রাজিলের সালভাদরে বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে পর্তুগালের মোকাবেলা করবে তারা। ফিলিপ লাম ও ম্যানুয়েল ন্যুয়ারের ফিটনেস দলটিকে ভোগাতে পারে জেনেও দলের সংঘবদ্ধ আচরণে সন্তুষ্টি প্রকাশ করেন লো। বলেন, ‘অনেকগুলো বিষয় নিয়ে আমরা কাজ করেছি। আমার দৃঢ়বিশ্বাস কৌশল ও শারীরিক উভয় বিষয়েই আমরা তাদের অনেক উন্নতি ঘটিয়েছি। অনুশীলনের সময় সবাই খুবই মনোযোগী ছিল। খেলোয়াড়রা সবকিছু খুব ভালভাবেই রপ্ত করছে। এটি একটি দারুণ পরিবেশ।’-বাসস