আধুনিকতার আড়ালে কী আমাদের সহজাত জীবন হারিয়ে যাচ্ছে? কিংবা বলা যায় নগরায়নের প্রভাবে আমরা হারিয়ে ফেলছি নদী, প্রকৃতি? মানুষ যেন পণ্য হয়ে উঠছে। বিশেষ করে নারী। এমনই সব বিষয় উঠে এসেছে এ সময়ের তরুণ শিল্পীদের ক্যানভাসে। শনিবার থেকে ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে শুরু হয়েছে ‘লস্ট ইন দি আরবান ওয়ার্ল্ড’ শীর্ষক দলবদ্ধ প্রদর্শনী। ‘স্টুডিও ৪৮’ এর সদস্যরা এ প্রদর্শনীর আয়োজন করেছে। এ সংগঠনের ৬ জন শিল্পীর চিত্রকর্ম স্থান পেয়েছে এ প্রদর্শনীতে। বিকালে প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী রফিকুন নবী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন শিল্পী আবুল বারক্ আলভী। প্রদর্শনীর ছবিগুলো নিয়ে আলোচনা করেন শিল্পী ও সমালোচক মোস্তফা জামান।
প্রদর্শনীতে অংশ নেয়া শিল্পীরা হচ্ছেন ফাহমিদা এনাম কাকলী, এস এম এহসান, কুন্তল বাড়ৈ, মোঃ মঞ্জুর রশীদ, এস এম মুজাহিদ মনির ও জাহিদ হাসান। প্রদর্শনীতে মোট ২৫টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে ৬ জুন পর্যন্ত। প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
আর্ট লাউঞ্জে সৈয়দ জাহাঙ্গীরের প্রদর্শনী শুরু : বরেণ্য শিল্পী সৈয়দ জাহাঙ্গীর এর ৪১তম চিত্রকলা ও ড্রয়িং নিয়ে গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে শুরু হয়েছে ‘অফ ম্যান এন্ড আর্থ’ শীর্ষক ৩ সপ্তাহব্যাপী একক প্রদর্শনী। প্রদর্শনীর উদ্বোধন করেন প্রফেসর বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর শামসুল ওয়ারেস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশন এর মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী এবং বেঙ্গল আর্ট লাউঞ্জ এর পরিচালক নওশিন খায়ের। সাম্প্রতিক সময়ের জ্যেষ্ঠ শিল্পীদের অন্যতম, শিল্পী সৈয়দ জাহাঙ্গীর তার বিগত ছয় দশকের চর্চায় মাটি ও মানুষের গল্প বলে আসছেন। এ প্রদর্শনী প্রতিদিন ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
