পেশীশক্তির রাজনীতি রুখতে চাই জনগণের ঐক্য

আপডেট : ৩১ মে ২০১৪, ২১:৫০
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশে এখন অভাব চলছে। সুশাসনের অভাব, আইনের শাসনের অভাব। যে দেশে সংসদীয় গণতন্ত্র আছে সে দেশে জনগণ এমন অসহায় বোধ করতে পারে না। দু:শাসনের ফলে তা-ই ঘটেছে। রাজনীতিতে ফরমালিন ও পেশী শক্তি ঢুকেছে। দেশের মালিক জনগণ। তারা যদি অসহায় হয়ে পড়ে তবে দেশের কী হবে? তাই দেশের জন্য জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সত্যিকারের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। শনিবার রাজধানীর বিএমএ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। নাগরিক ঐক্যের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। প্রধান অতিথির বক্তব্যে ড. কামাল হোসেন বলেন, খাদ্যে ফরমালিন ব্যবহার করে মানব স্বাস্থ্যকে ঝুঁকির মধ্যে ফেলা হয়েছে। অস্বাস্থ্যকর পচা-নষ্ট খাবার বিক্রি হচ্ছে ফরমালিনের গুণে। একইভাবে দেশের রাজনীতিতেও ফরমালিন ঢুকানো হয়েছে। কালো টাকার ফরমালিন। এ ফরমালিন শুধু রাজনীতি নয়, জাতীয় অর্থনীতিকেও ক্ষতিগ্রস্ত করছে। যে ব্যাংকগুলোতে লুটপাট চলছে, সেগুলো রাষ্ট্রীয়। এগুলো পরিচালনা করছে সরকারের লোক। সব কেলেঙ্কারির তদন্ত করে বিচার করতে হবে। রাজনীতির ফরমালিন দূর করতে হবে। কালো টাকা ও পেশী শক্তির রাজনীতিকে প্রতিহত করতে বৃহত্তর শক্তি গড়ে তুলতে হবে। দেশের প্রথম সংবিধান প্রণয়ন কমিটির এ আহ্বায়ক বলেন, ঐক্যবদ্ধ জনগণের সামনে যত বড় অত্যাচারী শক্তিই হোক না কেন তাকে পরাজিত হতে হয়। হিটলারেরও পতন হয়েছিল। তিনি নারায়ণগঞ্জে এমপি পদপ্রার্থী এস এম আকরামকে ভোট দিয়ে জয়যুক্ত করতে স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, দেশে বর্তমানে ভয়াবহ দুর্যোগ চলছে। এর প্রতিকারে যে সংগঠনগুলো কাজ করছে তাদের ঐক্যবদ্ধ হতে হবে। দেশকে দানবের হাত থেকে উদ্ধার করতে হবে। আপদ আর বিপদের হাত থেকে উদ্ধার করতে হবে। বিএনপি-জামায়াত, মহাজোট সরকার দেখেছি। বর্তমানে সরকার ও তথাকথিত বিরোধীদলের মিশ্রণের সরকারের তামাশা দেখছি। উন্নতি দূরের কথা, দেশ ভয়াবহ অন্ধকারে ডুবে যাচ্ছে। জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব বলেন, দেশের মানুষ দু:সহ পরিস্থিতি পার করছে। মহাজোট সরকারের ৫ বছরের পর এ সরকারের ৪ মাস শেষ হয়েছে। এ কয়েকমাসেই নারায়ণগঞ্জ, ফেনী, লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্নস্থানে দু:শাসনের চূড়ান্ত লক্ষ্য করেছে জনগণ। সারা দেশের আইন-শৃংখলা পরিস্থিতি এবং আইনের শাসনের চিত্র নারায়ণগঞ্জের ঘটনায় ফুটে উঠেছে। এভাবে সরকারকে দু:শাসন করতে দিলে দেশ জাহান্নামে পরিণত হতে দেরি নেই। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, সন্ত্রাস নিয়ন্ত্রণে সরকার সচেষ্ট না হয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে উত্সাহী হয়ে উঠেছে। পুলিশ দিয়ে রাজনৈতিক সভা-সমাবেশে বাধা সৃষ্টি গণতন্ত্রকেই আরো সংকুচিত করবে। এটি কারো জন্যই ভালো ফল বয়ে আনবে না। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম।