ঢাকার চার পাশের বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদী তীরের ইজারা অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন দেশের ২৭ জন বিশিষ্ট নাগরিক।
শনিবার রাজনীতিক, শিক্ষাবিদ ও পরিবেশকর্মীসহ ২৭ জন বিশিষ্ট নাগরিক এক যুক্ত বিবৃতিতে বলেন, ঢাকার লালকুঠি এলাকায় বাকল্যান্ড বাঁধের ভেতরে ৪শ’ বর্গফুট করে ১১টি ট্রানজিট শেড, গাবতলী এলাকায় ৪/৫/৭ শতাংশের ৬৮টি প্লট, আমিন বাজার ল্যান্ডিং স্টেশনের দক্ষিণে প্রায় পাঁচ একর এবং শোয়ারীঘাট এলাকায় ৬৭ শতাংশ জমিসহ বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষ্যা নদী তীরের দু’শতাধিক একর জমি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে ইজারা দেয়া হয়েছে। এছাড়া বছিলা এলাকায় দুটি রিয়েল এস্টেট কোম্পানিকে বিশাল আয়তনের জমি ইজারা প্রদানের প্রক্রিয়া চলছে। অথচ হাইকোর্টের রায়ের আলোকে গঠিত নদী বিষয়ক আন্ত:মন্ত্রণালয় টাস্কফোর্সের ২০০৯ সালের ১৫ নভেম্বরের সভার সিদ্ধান্ত অনুযায়ী, নদী তীর ইজারা প্রদান সম্পূর্ণ নিষিদ্ধ। বিবৃতিতে ইজারার ব্যাপারে অভিযোগ এনে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন- সিপিবির উপদেষ্টামণ্ডলীর সদস্য মনজুরুল আহসান খান, ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্য, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার, প্রকৌশলী ম. ইনামুল হক, অধ্যাপক মো. আক্তারুজ্জামান, ড. মীর তারিক আলী, আশীষ কুমার দে প্রমুখ।
