১০ জুলাই, ২০১০। পোর্ট এলিজাবেথের নেলসন ম্যান্ডেলা বে স্টেডিয়াম। জার্মানদের বিপক্ষে শেষ মুহূর্তের ফ্রি-কিক। বার পোস্টে বল না লাগলে হয়তো আরেকবার নায়ক হয়ে যেতে পারতেন ডিয়েগো ফোরলান। সেটা না হলেও, পাঁচ গোল করে গোল্ডেন বলের পুরস্কার উঠেছিল তার হাতেই।
চার বছরের মধ্যে কিভাবেই না বদলে যায় দৃশ্যপট। দক্ষিণ আফ্রিকাতে গত বিশ্বকাপে তাকে নিয়ে ছিল উরুগুয়ের হাজারো পরিকল্পনা। সেই ডিয়েগো ফোরলান এখন ক্যারিয়ারের শেষ দেখে ফেলা এক তারকা। বিশ্বকাপের প্রাথমিক দলে থাকলেও ২৩ জনের মূল স্কোয়াডে সুযোগ পাওয়াটা এখনও নিশ্চিত নয়।
ব্রাজিলে তার সামনে নিজের শেষ বিশ্বকাপ খেলার হাতছানি। শেষ মুহূর্তে লুইস সুয়ারেজ ইনজুরির কারণে বাদ পড়লে ফোরলানের সুযোগ পাওয়াটা একরকম নিশ্চিত। কিন্তু স্বার্থপরের মত চিন্তা করছেন না ৩৫ বছর বয়সী এই তারকা। দলের স্বার্থে নিজের জায়গার বিনিময়ে হলেও সুয়ারেজকেই চাই ফোরলানের।
৩০ দলের প্রাথমিক দলটা কোচ অস্কার তাবারেজ নামিয়ে এনেছেন ২৫ জনে। গত মঙ্গলবার এই দল নিয়ে অনুশীলনও শুরু করেছে উরুগুয়ে। সেই দলটি নিয়ে শঙ্কা কেবল লুইস সুয়ারেজকে নিয়েই। কোচ আভাস দিয়ে রেখেছেন মেনিসকাসের অস্ত্রপচারের ধকল কাটিয়ে যদি সুয়ারেজ ফিরে নাও আসতে পারেন সেক্ষেত্রে বিশ্বকাপে সুযোগ পাবেন ফোরলান। ফোরলান অবশ্য নিজের কথা নয়, দেশের স্বার্থ নিয়েই ভাবছেন। প্রেস অ্যাসোসিয়েশন স্পোর্টকে তিনি বলেন, ‘আমি চাই দলের সবাই সুস্থ হয়ে উঠুক। বিশ্বকাপে ভাল করার জন্য আমাদের পূর্ণ শক্তির দলই দরকার। লুইস সুয়ারেজ ফিরলে সেটা হবে উরুগুয়ের জন্য দারুণ এক ব্যাপার। লুইসের সাথে আমার কথা হয়েছে। তার অবস্থা আগের থেকে ভাল। আর দ্রুতই ও সেড়ে উঠছে। আমরা সবাই ওকে বরণ করে নিতে প্রস্তুত।’ ফোরলান তো বটেই, গোটা উরুগুয়েই সুয়ারেজের সুস্থতা কামনা করছে। ২৭ বছর বয়সী সুয়ারেজ ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরে ৩১ গোল করেছেন। লিভারপুলকে শিরোপা এনে দিতে না পারলেও লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে তারই হাতে।
তার প্রসঙ্গে উরুগুয়ের মিডফিল্ডার ক্রিস্টিয়ান রড্রিগেজের মন্তব্যটা আরও বেশি চোখে পড়ার মত। ২৮ বছর বয়সী এই ফুটবলারের মতে, সুয়ারেজই বর্তমানে বিশ্বসেরা ফুটবলার, ‘সুয়ারেজ বিশ্বের সেরা ফুটবলার। আমি তার দেশের বলে এমন মন্তব্য করছি না। মেসি কিংবা রোনালদো তার ধারের কাছেও নেই। ক্লাব ও দেশের হয়ে সুয়ারেজ নিজের যোগ্যতা দিয়েই শ্রেষ্ঠত্ব স্থাপন করেছে। তাকে আমাদের খুব বেশি দরকার।’ মন্টেভিডিওতে প্রস্তুতি ম্যাচে গত শুক্রবার র্যাংকিংয়ের ৮৪ তম দল নর্দান আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে উরুগুয়ে। ব্রাজিল যাওয়ার আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আগামী চার জুন স্লোভেনিয়ার মুখোমুখি হবে অস্কার তাবারেজের দল।
‘ডি’ গ্রুপে লাতিন আমেরিকান দলটিকে ইংল্যান্ড, ইতালি ও কোস্টারিকার মুখোমুখি হতে হবে। ১৪ জুন নিজেদের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ কোস্টারিকা। প্রস্তুতি ম্যাচগুলো দিয়ে বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত বলেই মানছেন ফোরলান, ‘আমাদের প্রস্তুতি ভাল হচ্ছে। নর্দান আয়ারল্যান্ডের খেলার ধরন অনেকটা ইংল্যান্ডের মত। তবে, কেবল ইংল্যান্ড নিয়েই আমরা ভাবছি না। বিশ্বকাপের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। একই সাথে এটাও বলতে হয় যে, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা আমাদের জন্য একটু বেশি কঠিন হবে।’
গত ২০১১ সালে বিশ্বকাপের পরই কোপা আমেরিকার শিরোপা জয় করে উরুগুয়ে। একই কোচের অধীনে বিশ্বকাপেও চতুর্থ অবস্থানে ছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
