পাচার রোধে শিশুদের প্রতি মনোভাব পরিবর্তনের আহবান জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী এমপি। তিনি বলেন, শিশু পাচার প্রতিরোধে সরকারি ও বেসরকারি উদ্যোগের আন্তরিকতার ফলে পরিস্থিতির অনেক উন্নতি হলেও গ্রাম পর্যায়ে আরো জনসচেতনতা বাড়ানো প্রয়োজন। এ বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয় আরো বিস্তৃত উদ্যোগ গ্রহণ করবে বলেও তিনি আশ্বাস দেন।
রবিবার বাংলাদেশে শিশু পাচার পরিস্থিতির বিশ্লেষণ এবং এ থেকে উত্তরণের সম্ভাব্য উপায় বিষয়ক এক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দি ডেইলি স্টার ভবনের আজিমুর রহমান কনফারেন্স হলে সেমিনারের আয়োজন করে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম।
বাংলাদেশ শিশু অধিকার ফোরাম (বিএসএএফ) নির্বাহী বোর্ড এর চেয়ারপারসন মো. এমরানুল হক চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. কামালউদ্দিন আহমেদ, টেরেডেস হোমস- নেদারল্যান্ডস-এর কান্ট্রি ডিরেক্টর মাহমুদুল কবির এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর অ্যাডভোকেসি ডিরেক্টর চন্দন জেড গোমেজ। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ইসরাত শামীম।
স্বরাষ্ট্র সচিব কামালউদ্দিন আহমেদ বলেন, ২০০৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের টিআইপি রিপোর্টে বাংলাদেশ টায়ার-২ এর ওয়াচ লিস্টে ছিল। পরবর্তীতে সেই লিস্ট থেকে বের হয়ে এসেছে বাংলাদেশ।
