উজ্জীবিত ইতালি শিবিরে হঠাত্ করেই বিষাদের ছায়া। ইনজুরির কারণে ব্রাজিল বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে রিকার্ডো মন্টোলিভোর। শনিবার আয়ারল্যান্ডের বিপক্ষে প্রীতিম্যাচ খেলতে নেমে পা ভেঙ্গে ফেলেছেন এসি মিলানের এই মিডফিল্ডার। চোটটা মারাত্মক। চোট পাওয়ার পর পরই দ্রুত হাসপাতালে নেয়া হয় তাকে। চোট কাটিয়ে উঠতে হলে অস্ত্রোপচারে যেতে হবে ২৯ বছর বয়সী এই পারফর্মারকে। টিম ডাক্তার জানিয়েছেন, মন্টোলিভোর বিশ্বকাপ শেষ।
হঠাত্ করেই দলের মন্টোলিভোর চোট প্রভাবিত করেছে ইতালি দলের সব খেলোয়াড়কে। বিশ্বকাপ দল থেকে সতীর্থর এই নিষ্ঠুর প্রস্থান সইতে পারছেন না তারা। এমনিতেই টানা ছয় ম্যাচ ধরে জয় পাচ্ছে না ইতালি। দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়ের ইনজুরি আজ্জুরিদের আরও বেশিই হতাশ করছে। তবে খেলোয়াড়দের হতাশা কাটিয়ে তুলতে মরিয়া কোচ প্রানদেল্লি। যত দ্রুত পারা যায় বিশ্বকাপের আগে খেলোয়াড়দের মানসিকতা চাঙ্গা করে তুলে ধরতে চেষ্টা করছেন তিনি। ‘প্রথমেই আমাদের সব চিন্তা রিকার্ডোকে (মন্টোলিভো) নিয়ে। আমাদের যুক্তিবাদী হতে হবে। ওই ঘটনায় সবাইকে হতবিহ্বল মনে হচ্ছে। আমরা বেশি আবেগাক্রান্ত হয়ে পড়েছি। খেলোয়াড়দের মনের ভেতরটাও পড়তে পারছি আমি। সবাই ভেঙ্গে পড়েছে। সত্যিই আমাদের জন্য এটা দুঃখের। মন্টোলিভো দলের অন্যতম গুরূত্বপূর্ণ খেলোয়াড়। শুধু মাঠেই নয়, ব্যবহারের দিক থেকেও সে উল্লেখ করার মতো একজন খেলোয়াড়। সে খুবই ভাল মনোভাবের একজন খেলোয়াড়। যার ফলে তার ইনজুরিতে সবাই আহত হয়েছে।’
শুধু মন্টোলিভোর ইনজুরিই নয়, চোটে পড়েছেন মধ্য মাঠের অপর খেলোয়াড় আলবার্তো অ্যাকুইলানিও। প্রথমার্ধে খেলার সময় চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। অ্যাকুইলানির চোটের তীব্রতা কতটুকু তাও ঠিক জানেন না আজ্জুরি কোচ। তাই ২৩ সদস্যের পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করতে সময় নেবেন বলে জানিয়েছেন তিনি, ‘আমরা এখনো সিদ্ধান্ত নেইনি। আমরা ফ্লোরেন্সে ফিরে যাবো। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে চাইবো। সেই লক্ষ্যে কিছু পরীক্ষা-নিরীক্ষা করবো। অন্য খেলোয়াড়দের শারীরিক অবস্থা কেমন সেটা দেখারও প্রয়োজন রয়েছে।’
তবে আয়ারল্যান্ডের বিপক্ষে কিছু ইতিবাচক দিকও খুঁজে পেয়েছেন প্রানদেল্লি। অভিষেক ম্যাচেই দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন লেফট-ব্যাক ম্যাতেও ডারমেইন এবং স্ট্রাইকার চিরো ইমোবাইল। ইতালির তুলনামূলক নবীন আক্রমণভাগে ইমোবাইল নতুন কিছুই যোগ করবেন বলে প্রানদেল্লির বিশ্বাস, ‘তাদের পারফরম্যান্সই আজকের রাতের ইতিবাচক দিক। ডারমেইনের পারফম্যান্স ছিল দারুণ। ইমোবাইল? আমি মনে করি তার পারফরর্ম্যান্সও ভাল হয়েছে। তার বেশ কয়েকটি ভাল আইডিয়া দারুণ ছিল। তার সার্বিক পারফরম্যান্স ভাল ছিল।’
বিশ্বকাপের জন্য ইতালির প্রস্তুতি ভাল হচ্ছে বলে জানালেন প্রানদেল্লি, ‘আমরা কাজ করে যাচ্ছি। আমি মনে করি আমরা সঠিক পথেই আছি। অনুশীলন থেকে মিডফিল্ড সম্পর্কে আমরা অভিজ্ঞতা নিচ্ছি। সঠিক পরিকল্পনা নিয়ে হাজির হওয়ার গুরুত্ব রয়েছে।
