কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল শেষে ১৪ হাজার ১৩৪টি খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদনপত্র জমা পড়েছে। আগামী ১৬ জুন খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।
বোর্ড সূত্রে জানা যায়, চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর ফল নিয়ে যাদের আপত্তি ছিল এবং যারা খাতা পুনঃনিরীক্ষা করাতে ইচ্ছুক তাদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণ করা হয়।
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন গত ১৮ থেকে ২৪ মে পর্যন্ত টেলিটক মোবাইল ফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে গ্রহণ করা হয়। এতে ১৪ হাজার ১৩৪টি খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদনপত্র জমা পড়ে। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- বাংলা বিষয়ে ২ হাজার ৪৮টি, ইংরেজি ১ হাজার ৮৭৪টি, রসায়ন ১ হাজার ৭৭৫টি, সামাজিক বিজ্ঞান ১ হাজার ৬৬৬টি, পদার্থ বিজ্ঞানে ১ হাজার ৫১৯টি খাতা। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ জানান, খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল আগামী ১৬ জুন প্রকাশ করা হবে। এক্ষেত্রে আবেদনকারীদের নিজ নিজ মোবাইল ফোনে তাদের খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল জানিয়ে দেয়া হবে।
প্রসঙ্গত এ বোর্ডের আওতাধীন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনীসহ ৬টি জেলার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এ বছর ১ লাখ ৪৫ হাজার ১৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। গত ১৭ মে প্রকাশিত ফলাফলে এ বোর্ডে পাসের হার ছিল ৮৯.৯২ শতাংশ।
