তার পুরো নাম রবার্ট ইলিয়ট কান। আজকের এই ইন্টারনেটনির্ভর বিশ্বে ‘টিসিপি’ এবং ‘আইপি’ নামের দুইটি অত্যন্ত পরিচিত শব্দের সাথে জড়িয়ে রয়েছে তার নাম। বব কান নামেই পরিচিত এই প্রকৌশলী এবং কম্পিউটার বিজ্ঞানী ভিনটন জি কার্ফের সাথে উদ্ভাবন করেন ইন্টারনেটের মৌলিক যোগাযোগের দুইটি গুরুত্বপূর্ণ প্রটোকল—ট্রান্সমিশন কন্ট্রোল প্রটোকল (টিসিপি) এবং ইন্টারনেট প্রটোকল (আইপি)। কানের জন্ম ১৯৩৮ সালের ২৩ ডিসেম্বর। তিনি ১৯৬০ সালে সিটি কলেজ অব নিউইয়র্ক থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর তিনি ১৯৬২ ও ১৯৬৪ সালে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে যথাক্রমে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। গ্র্যাজুয়েট স্কুলে লেখাপড়া শেষ করেই তিনি এটিঅ্যান্ডটি বেল ল্যাবরেটরিজে কাজ করতে শুরু করেন। পরে তিনি এমআইটিতে সহকারী অধ্যাপক হন। আরও নানা প্রতিষ্ঠানে কাজ করে তিনি কর্পোরেশন ফর ন্যাশনাল রিসার্চ ইনিশিয়েটিভ গঠন করেন ১৯৮৬ সালে। ১৯৯২ সালে ভিনসেন্ট কার্ফের সাথে গড়ে তোলেন ইন্টারনেট সোসাইটি। কৃতিত্বস্বরূপ জাতীয় ও আন্তর্জাতিক অনেক পুরস্কার লাভ করেন তিনি।
