পাকিস্তানের রাজনৈতিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) নির্বাসিত প্রভাবশালী নেতা আলতাফ হুসেইনকে অর্থ পাচারের সন্দেহে গ্রেপ্তার করেছে লন্ডন পুলিশ। দলের মুখপাত্র একথা জানিয়েছেন।
৬০ বছর বয়সী হুসেইনকে গ্রেপ্তারের পর উত্তর-পশ্চিম লন্ডনে তার বাসায়ও তল্লাশি চালায় পুলিশ। ১৯৯১ সাল থেকে যুক্তরাজ্যে বাস করছেন হুসেইন। পাকিস্তানে তার জীবনের নিরাপত্তা হুমকির মুখে উল্লেখ করে লন্ডনে থাকার ব্যবস্থা করেছিলেন তিনি।
পুলিশ হুসেইনের পরিচয় নিশ্চিত না করলেও উত্তর লন্ডনে এমকিউএম এর এক মুখপাত্র হুসেইন গ্রেপ্তার হওয়ার খবরটি নিশ্চিত করেছেন এবং বলেছেন, করাচিতে তার দল এ ব্যাপারে শিগগিরই বিস্তারিত জানাবে। এমকিউএম প্রভাবাধীন পাকিস্তানের করাচি শহরে ইতোমধ্যেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। হুসেইন গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় সেখানে সহিংসতা ছড়িয়ে পড়ার খবরে সতর্কাবস্থায় রয়েছে পুলিশ। করাচির কয়েকটি স্থানে গোলাগুলি হচ্ছে বলে জানিয়েছেন সেখানকার বিবিসি সংবাদদাতারা। পাকিস্তানের ব্রিটিশ মিশনসহ অন্য গুরুত্বপূর্ণ ভবনগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হুসেইন গ্রেপ্তারের খবর পাওয়ার পর এমকিউএম নেতারা করাচিতে তাদের সদরদপ্তরে জরুরি বৈঠকে বসেছেন।
