চীনে খনি দুর্ঘটনায় ২২ শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৪ জুন ২০১৪, ২১:১০
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি কয়লা খনিতে দুর্ঘটনায় ২২ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দু’জন আহত হয়েছেন। বুধবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ওয়ানশেঙ জেলার চঙকিন পৌরসভার ইয়ানশিতাই কয়লা খনিতে এ দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষের বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, গ্যাস সম্পর্কিত কারণে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার সময় খনিতে মোট ২৮ জন কর্মী কাজ করছিলেন। তাদের মধ্যে ২২ জন নিহত ও দু’জন আহত হন। খনিটি রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যানতঙ মাইনিং কোং লিমিটেড এর অধীন। চীন বিশ্বের সবচেয়ে বড় কয়লা উত্তোলনকারী দেশ। দেশটিতে খনি দুর্ঘটনায় প্রায়ই অনেক মানুষের মৃত্যু হয়।