ফিস ক্যাপসুল সেবনে উপকার নেই

আপডেট : ০৪ জুন ২০১৪, ২১:৪৬
এতদিন ধরে আমরা মাছের তেল বা ফিস অয়েল বা ফিস অয়েলসমৃদ্ধ ওমেগা-৩ সাপ্লিমেন্ট সেবনকে উত্সাহিত করে আসছি। আর ফিস অয়েলের গুণাগুণ সম্পর্কে এটা হার্ট অ্যাটাক রোধ করে বলা হয়ে থাকে। কিন্তু বিশেষজ্ঞগণ এখন বলছেন, ফিস অয়েল বা ওমেগা-৩ সাপ্লিমেন্টের হার্ট অ্যাটাক রোধের কোন ক্ষমতা নেই। নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে এ তথ্য প্রকাশ করা হয়। তবে বিশেষজ্ঞগণ বলছেন, মাছের তেল নয়, বরং মাছ হার্টের জন্য হিতকর। একারণে বেশি বেশি করে মাছ আহারের পরামর্শ দেয়া হয়েছে। মিলানের মেরিও নেগরি ইনস্টিটিউট অব ফার্মাকোলজিক্যাল রিসার্স নামক প্রতিষ্ঠানে ফিস অয়েল নিয়ে এক গবেষণার পর এ তথ্য প্রকাশ করা হয়। তবে পূর্বেকার একাধিক গবেষণায় দাবি করা হয় যে, হার্ট ফেইলিওর অথবা হার্ট অ্যাটাকের রোগীদের ক্ষেত্রে ওমেগা-৩ ফ্যাটি এসিড নতুন করে হূদরোগে আক্রান্ত হবার ঝুঁকি কমায়। কিন্তু নতুন এই গবেষণায় বিশেষজ্ঞগণ দেখেছেন, আর্টারিয়াল ফিব্রিলিয়েশন নামের একটি সাধারণ হার্ট সমস্যা থেকে হার্ট অ্যাটাক রোধে ফিস অয়েল ক্যাপসুলের কোন ভূমিকা নেই। বোস্টনের টাফট ইউনিভার্সিটির কার্ডিওভাসকুলার নিউট্রিশন ল্যাবের পরিচালক ড. এলিচ মনে করেন, যারা ফ্রেশ ফিস এবং হার্টের জন্য হিতকর ডায়েট আহার করেন এবং নিয়মিত ব্যায়াম ও কায়িক পরিশ্রম করেন তাদের হার্টের সুরক্ষায় সাপ্লিমেন্টের কোন প্রয়োজন পড়ে না। এ ব্যাপারে আমেরিকান হার্ট এসোসিয়েশনের পরামর্শ হচ্ছে সপ্তাহে অন্তত: দু’দিন ফিস আহার করতে হবে। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ