নওগাঁর বদলগাছীতে স্বামী-স্ত্রীসহ বিভিন্ন স্থানে বিদ্যুত্স্পৃষ্টে চারজন মারা যাওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
বদলগাছীতে বিদ্যুত্স্পৃষ্টে
স্বামী-স্ত্রীর মৃত্যু
নওগাঁর বদলগাছী উপজেলার ভান্ডারপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যুত্স্পৃষ্টে স্বামী আব্দুল হামিদ ও স্ত্রী এজিদা বেগমের মৃত্যু হয়েছে। বাড়ির নষ্ট হয়ে যাওয়া ভ্যাটিক্যাল টিউবওয়েল মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত টিউবওয়েলের সাথে জড়িয়ে তারা আহত হন। বদলগাছী থানার ওসি আজিজুল হক জানান, টিউবওয়েল মেরামত করার জন্য আব্দুল হামিদ বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এ সময় এজিদা বেগম তাকে ডাকতে গিয়ে স্পর্শ করে তিনিও তারে জড়িয়ে পড়েন। তাদের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক তাদের মৃত বলে জানান। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
দুর্গাপুরে একজনের মৃত্যু
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার দাখিনাইল গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যুত্স্পৃষ্টে মো. নুরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। পৌর শহরের উত্রাইল বাজার সংলগ্ন তার নতুন ভবন নির্মাণাধীন বৈদ্যুতিক মোটরের লাইন সংযোগ দেয়ার সময় বিদ্যুত্স্পৃষ্টে সে মারা যান।
লালপুরে যুবকের মৃত্যু
নাটোরের লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার বিদ্যুত্স্পৃষ্টে দুলু (২৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে সে মারা যায়।
