পুতিন ও পেরোশেঙ্কোর সরাসরি বৈঠকের আহ্বান ওবামার

আপডেট : ০৬ জুন ২০১৪, ২০:৪৬
রাশিয়ার ওপর শিল্পোন্নত সাত দেশের জোট জি-সেভেনের কঠোর নিষেধাজ্ঞার হুমকির মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনের নবনির্বাচিত প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোর সঙ্গে সরাসরি আলোচনা করার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, জাপান ও ইতালিকে নিয়ে গঠিত জি-সেভেন এক যৌথ বিবৃতিতে ইউক্রেনের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য মস্কোর সমালোচনা করেছে। রাশিয়া পূর্ব ইউক্রেনে স্থিতিশীলতা ফেরাতে সাহায্য না করলে দেশটির ওপর বাড়তি নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দিয়েছে তারা। ব্রাসেলসে গত বুধবার সন্ধ্যায় আলোচনার পর এক বিবৃতিতে জি-সেভেন বলে, ‘আমরা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিষেধাজ্ঞা আরো বাড়াতে প্রস্তুত। প্রয়োজন হলে রাশিয়ার ওপর আরো বেশি নিষেধাজ্ঞা আরোপ করা হবে যাতে মস্কোকে আরো বেশি মূল্য দিতে হয়।’ জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল বলেন, ‘পরিস্থিতি স্থিতিশীল করতে রাশিয়া কি করছে তা পশ্চিমারা বারবারই যাচাই করে দেখবে। ইউক্রেনকে অস্থিতিশীল করার চেষ্টা আমরা মেনে নেব না। এ প্রশ্নে কোনো অগ্রগতি না দেখলে আমাদেরকে নিষেধাজ্ঞার দিকে যেতে হবে। তৃতীয় ধাপে কঠিন সব নিষেধাজ্ঞাও (বাণিজ্য, অর্থনীতি এবং জ্বালানি খাত) আমাদের হাতে আছে।’ এদিকে, গত বৃহস্পতিবার জি-সেভেনের দ্বিতীয় দিনের বৈঠকে ওবামা রুশ প্রেসিডেন্ট পুতিনকে ইউক্রেনের নবনিযুক্ত প্রেসিডেন্ট পোরোশেঙ্কোর সঙ্গে মুখোমুখি বৈঠকে বসে সংকট নিরসনে আলোচনা করার আহ্বান জানিয়েছেন। ওবামা বলেন, ‘অস্থিরতায় আর্থিক ও নীতিগত প্রেরণা যুগিয়ে চলেছে রাশিয়া। এটা একই সঙ্গে বেআইনী এবং ধ্বংসাত্মক। ইউক্রেনের রাষ্ট্রপতি পেত্রো পোরোশেঙ্কোর সঙ্গে এখনও পুতিনের আলাপের সুযোগ রয়েছে। তিনি এ সুযোগটি নিতে পারেন।’ তিনি আরও বলেন, ‘পুতিন এমন উদ্যোগ নিলে রাশিয়া ও এর অনুগামী দেশগুলোর সঙ্গে ইউরোপের সম্পর্ক ও আস্থা উন্নয়নে পুনরায় মনোযোগী হতে আমরা উত্সাহী হবো।’ তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পুতিনের জন্যে সময় বেঁধে দেয়ার কথা জানান। আগামী মাসেই রুশ রাষ্ট্রপতির মুখোমুখি বৈঠক করা আবশ্যক বলে মতামত দেন তিনি।