উত্তর কোরিয়ায় আরো এক মার্কিন নাগরিক আটক

আপডেট : ০৬ জুন ২০১৪, ২০:৪৮
উত্তর কোরিয়া আরো এক মার্কিন নাগরিককে আটক করেছে। চলতি বছরের মে মাসের মাঝামাঝি সময়ে তাকে আটক করা হয়। জাপানের কিয়োডো সংবাদ সংস্থা শুক্রবার এ তথ্য জানিয়েছে। এ নিয়ে দেশটিতে তিন মার্কিন নাগরিক আটক হলেন। আটক তৃতীয় এই মার্কিন নাগরিক একটি ভ্রমণকারী দলের সঙ্গে ছিলেন। উত্তর কোরিয়া ত্যাগ করার ঠিক আগ মুহূর্তে তাকে আটক করা হয় বলে জানা গেছে। এ বছরের এপ্রিলে উত্তর কোরিয়া দাবি করে, তারা ম্যাথু টড মিলার নামে একজন মার্কিন নাগরিককে আটক করেছে। মার্কিন একটি কোম্পানির মাধ্যমে ম্যাথু ব্যক্তিগতভাবে দেশটিতে সফরে গিয়েছিলেন। এছাড়া উত্তর কোরিয়া কেনেথ বায়ে নামে একজন কোরীয় বংশোদ্ভূত মার্কিন মিশনারীকে ২০১২ সালে গ্রেপ্তার করে। তাকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। তার বিরুদ্ধে রাষ্ট্রের ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়।