তৈরি পোশাক রপ্তানি মূল্যের ওপর শূন্য দশমিক ২৫ শতাংশ হারে বর্ধিত নগদ সহায়তা প্রদান করা হবে। একইসঙ্গে নতুন পণ্য বা নতুন বাজার সম্প্রসারণে বিদ্যমান সহায়তার হার ৩ শতাংশে উন্নীত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক নীতি বিভাগ রবিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, নতুন পণ্য বা নতুন বাজার (বস্ত্রখাত) সম্প্রসারণ (আমেরিকা, কানাডা ইইউ ছাড়া) সহায়তার বিদ্যমান হার ২ শতাংশ হতে বৃদ্ধি করে ৩ শতাংশ হারে উন্নীত করা হলো। বাজার সম্প্রসারণ সহায়তা পরিশোধের ক্ষেত্রে প্রযোজ্য সংশ্লিষ্ট প্রজ্ঞাপন অনুসরণীয় হবে। ১ জানুয়ারি থেকে জাহাজিকৃত পণ্যে পূর্বের নিয়মে ২ শতাংশ হারে নগদ সহায়তা গ্রহণ করলেও বাকি ১ শতাংশের জন্যও আবেদন করা যাবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো রপ্তানিকারক একই রপ্তানির বিপরীতে বিদ্যমান ৩টি খাতে সহায়তা (প্রচলিত নগদ সহায়তা, ক্ষুদ্র ও মাঝারি বস্ত্র শিল্পের জন্য অতিরিক্ত সহায়তা এবং বাজার সম্প্রসারণ সহায়তা) প্রাপ্য হলে বর্ধিত বা প্রস্তাবিত ব্যবস্থায় সর্বোচ্চ ১১ শতাংশ প্রাপ্য হবেন।
