বিশ্বকাপ ফুটবল ২০১৪

অ্যাপস, ওয়েবেও জমজমাট বিশ্বকাপ

আপডেট : ১০ জুন ২০১৪, ২১:২০
আজকের দিনটা পেরোলেই কাল থেকে শুরু বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ। বিশ্বকাপ ফুটবলের এই মহা আয়োজনের নানা খবরাখবর পেতে একটা সময় পর্যন্ত পত্রিকা আর টেলিভিশন ভরসা হলেও এখন এসবের জন্য মূল ভরসার স্থান দখল করে নিয়েছে ওয়েবসাইট আর অ্যাপস। বিশ্বকাপ ফুটবলের জন্য তৈরি এমন কিছু অ্যাপস আর ওয়েবের জানাচ্ছেন মোজাহেদুল ইসলাম ফিফা ডটকম বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় সংগঠন ফিফার অফিশিয়াল ওয়েবসাইট হতে পারে বিশ্বকাপের সব ধরনের খবরাখবর পাওয়ার জন্য আদর্শ একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ঢুকলেই বিভিন্ন ট্যাবে পাবেন ম্যাচের তালিকা, দলগুলোর তালিকা, গ্রুপ এবং পুরস্কারের তথ্য। এগুলোর যেকোনো একটিতে প্রবেশ করলেই ওই সংক্রান্ত সব ধরনের তথ্য মিলবে। এ ছাড়া ভেন্যুগুলোর তথ্য, প্রতিটি দলের খেলোয়াড়দের তথ্য, পরিপূর্ণ ফিকশ্চার থেকে শুরু করে বিশ্বকাপ নিয়ে বেশকিছু গেমের সন্ধানও মিলবে এখানে। এই সাইটের ঠিকানা www.fifa.com। অফিশিয়াল ফিফা অ্যাপস কেবল ওয়েবসাইটেই সীমাবদ্ধ নেই ফিফা। যুগের সাথে তাল মিলিয়ে স্মার্টফোন বা ট্যাবলেট পিসিতে ব্যবহারের উপযোগী অফিশিয়াল মোবাইল অ্যাপসও তৈরি করেছে তারা। পুরো টুনার্মেন্টের ফিকশ্চার থেকে শুরু করে ৩২ দলের প্রতিটি খেলোয়াড় এবং কোচের যাবতীয় তথ্য রয়েছে এতে। অ্যাপসের শুরুতেই থাকবে বিশ্বকাপের সর্বশেষ সব সংবাদ। ফিফা জানিয়েছে, প্রতি মুহূর্তের আপডেটই থাকবে এই অ্যাপসে। আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় ডিভাইসের জন্যই রয়েছে বিনামূল্যের এই অ্যাপটি। গার্ডিয়ান বিশ্বকাপের সাথে সবাইকে যুক্ত রাখতে বিখ্যাত সংবাদপত্র গার্ডিয়ানও তৈরি করেছে নিজস্ব অ্যাপস। আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় ডিভাইসের জন্যই রয়েছে বিনামূল্যের এই অ্যাপসের আলাদা আলাদা সংস্করণ। বিশ্বকাপ চলাকালে এই অ্যাপসে ঢুকলেই মিলবে বিশ্বকাপের তাজা খবর। রয়েছে প্রতিদিনের ম্যাচের তালিকাসহ ফলাফল। আর নির্দিষ্ট ম্যাচে প্রবেশ করলে ওই ম্যাচের যাবতীয় তথ্য হাজির হবে স্মার্টফোন বা ট্যাবের পর্দায়। ম্যাচের আপডেটও মিলবে এতে। এই অ্যাপের হোমপেজ কাস্টমাইজ করার সুবিধাও রয়েছে। গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে মিলবে এই অ্যাপ। ফোরজা ফুটবল বিশ্বকাপ চলাকালে লাইভ আপডেট, স্কোর এবং বিভিন্ন ধরনের পরিসংখ্যান নিয়ে তৈরি হয়েছে ফোরজা ফুটবল অ্যাপটি। এর ব্যবহারকারী চাইলে নির্দিষ্ট কোনো দল বা খেলোয়াড়কে বেছে নিয়ে তার খবরাখবরগুলো আগে-ভাগে পেয়ে যেতে পারে। ‘লাইভ ব্র্যাকেট’ নামে একটি বিশেষ ফিচারের মাধ্যমে এটি দলগুলোর সর্বশেষ অবস্থানের বিশ্লেষণমূলক ইনফোগ্রাফিক হাজির করবে। এর আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর মাধ্যমে ব্যবহারকারীরা যুক্ত হতে পারবেন একে অপরের সাথে, খেলা নিয়ে মতবিনিময় করতে পারবেন। আইওএস ও অ্যান্ড্রয়েডে রয়েছে এটি। ইএসপিএন বিশ্বকাপ নিয়ে বিশেষ অ্যাপ রেখেছে ইএসপিএনও। আর এতে যুক্ত হয়েছে বেশকিছু বিশেষ ফিচার। খেলার ফিকশ্চার, স্কোর আপডেট, খবরের আপডেট তো থাকছেই এতে। পাশাপাশি বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ এবং ঘটনার বিশ্লেষণ নিয়ে বিশেষ বিশেষ রিপোর্ট। প্রতিটি দলের ওপর বিশেষজ্ঞ বিশ্লেষণ তো থাকছেই। খেলা চলাকালে নিয়মিত আপডেট, বিশ্লেষণ এবং সরাসরি ধারাভাষ্যও পাওয়া যাবে এই অ্যাপ থেকে। বিশ্বকাপের এতসব কনটেন্টের বাইরেও এই অ্যাপের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতিমান সব লিগ ও ফুটবল ক্লাবের খবরাখবর মিলবে। অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসের জন্য রয়েছে অ্যাপটি।